সাভারে মধ্যরাতে ছাত্রলীগ কর্মী আটক, পুলিশের হাতে তুলে দিলেন ছাত্রদল নেতা তমিজ উদ্দীন

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ । ১১:৩৯ পূর্বাহ্ণ

 

 

সাভারে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌরসভার গেন্ডা এলাকা থেকে মেহেদী হাসান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটকের সময় তমিজ উদ্দিনের সঙ্গে ছিলেন সাভার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমান পিয়াস ও সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল।

জানা গেছে, আটক মেহেদী হাসান সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের অনুসারী। তার বিরুদ্ধে সাভারের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এ ছাড়া সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উসকানি দেওয়া এবং ভাঙচুরের ঘটনায়ও মেহেদী হাসানের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পরে তাকে সাভার মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযোগগুলো যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

তবে মেহেদী হাসানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন