দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: এমপি আমির হামজা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৫:১৩ অপরাহ্ণ

একটা মারলে দুইটা মারবো। দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’- কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার এমন বক্তব্য ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ফটোকার্ডে নিজের এমন বক্তব্য তুলে ধরেন তিনি। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে সেই ফটোকার্ড সরিয়ে নেওয়া হয়।

রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তার পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেয়ার আগে ফটোকার্ডটিতে প্রায় ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল।

তবে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’

এ দিকে ফেসবুকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে কুষ্টিয়া-৩ আসবের সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। এ সময় আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতেই বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দিব। মাইর খাওয়ার মধ্যে নেই।’

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন