কুমিল্লা-১ আসনে বিএনপির দুই প্রার্থী পিতা-পুত্রের মনোনয়ন জেলা রিটার্নিং কর্মকর্তার বৈধ ঘোষণা
কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশারফ হোসেন ও তাঁর পুত্র ড. খন্দকার মারুফ হোসেনের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজা হাসান নির্বাচন কমিশনের পক্ষে এ ঘোষণা দেন।
এর ফলে কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে অংশগ্রহণে ড. খন্দকার মোশারফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেনের আর কোনো আইনগত বাধা রইল না।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা জানান, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য বজায় রেখে আসন্ন নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে।
এদিকে নির্বাচন কমিশনের এই ঘোষণায় কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থীদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]