গোপালগঞ্জে তিনটি আসনে মনোনয়ন যাচাই বাছাই করে ১৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দুইজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এতে মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থী হিসেবে টিকে রইলেন ২৫ জন।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং অফিসার মো. আরিফ উজ্জামান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। তিনি জানান, ঋণ খেলাপি থাকা এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকায় এসব মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে।
গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাংশ)এই আসনে মোট ১৩টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ছয়জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম ও আশ্রাফুল আলম, এবি পার্টির মো. প্রিন্স আল আমিন, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. কাবির মিয়া এবং জাতীয় পার্টির প্রার্থী সুলতান জামান খান।
গোপালগঞ্জ-২ আসন (সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ)এ আসনেও ১৩টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন—কামরুজ্জামান ভূইয়া লুটুল, রনি মোল্যা, সিপন ভূঁইয়া, মশিউর রহমান, মো. সিরাজুল ইসলাম সিরাজ ও উৎপল বিশ্বাস।
গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা)এখানে ১২টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও রওশন আরার মনোনয়ন বাতিল করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ ও স্বতন্ত্র প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাসের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
রিটার্নিং অফিস সূত্র জানায়, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আগামী ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]