ডেইলি স্টার-প্রথম আলো নয়, গণতন্ত্র-জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে:মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আঘাত এসেছে কোনো নির্দিষ্ট সংবাদমাধ্যমের ওপর নয়, সরাসরি গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। জুলাই যুদ্ধের মাধ্যমে অর্জিত অধিকারগুলো বর্তমানে হুমকির মুখে রয়েছে, যা শুধু গণমাধ্যমের জন্য নয়, দেশের জনগণের জন্যও বিপজ্জনক।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সংবাদপত্রের ওপর হামলা মানে কেবল সাংবাদিকদের ওপর আঘাত নয়, এটি সরাসরি গণতন্ত্র ও জুলাই বিপ্লবের চেতনার ওপর আঘাত। তিনি বলেন, “এখন শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে সক্রিয়ভাবে রুখে দাঁড়াতে হবে। আমি জানি না, আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি।”
তিনি আরও বলেন, সারাজীবন তিনি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু বর্তমানে যে বাস্তবতা তিনি দেখছেন, সেই বাংলাদেশের স্বপ্ন তিনি কোনোদিন দেখেননি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দল বা সংগঠনের সীমারেখায় আবদ্ধ না থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, তাদের এখন শুধু সচেতন থাকলেই চলবে না, সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দেশের নাগরিকদের রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংঘটিত সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সক্রিয় হতে হবে। গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে না পারলে শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হবে।
প্রতিবাদ সভায় দেশের বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]