খুঁজুন
, ,

দাউদকান্দিতে পূজামণ্ডপে জামায়াতের মনোননীত মেয়র প্রার্থী রেজাউল হকের শুভেচ্ছা বিনিময়

হোসাইন মোহাম্মদ দিদার:
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
দাউদকান্দিতে পূজামণ্ডপে জামায়াতের মনোননীত মেয়র প্রার্থী রেজাউল হকের শুভেচ্ছা বিনিময়

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া শ্রীশ্রী জিউর আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌরসভার মনোনীত মেয়র প্রার্থী রেজাউল হক সরকার।
মঙ্গলবার রাতে এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ, মাওলানা শাহআলম, ডা. নির্মল সাহা, মাধব সাহাসহ স্থানীয় পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

মেঘনা উপজেলা বিএনপির দায়িত্ব থেকে রমিজকে অব্যাহতি, নতুন দায়িত্বে আব্দুল অদুদ মুন্সী

হোসাইন মোহাম্মদ দিদার:
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
মেঘনা উপজেলা বিএনপির দায়িত্ব থেকে রমিজকে অব্যাহতি, নতুন দায়িত্বে আব্দুল অদুদ মুন্সী

 

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দলটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল অদুদ মুন্সী। উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনীকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর তাকে এ দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে বিএনপির কুমিল্লা উত্তর জেলা শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির বিভিন্ন কমিটিতে পদ-পদবি দেওয়ার নামে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে রমিজউদ্দিন লন্ডনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ পরিপ্রেক্ষিতে তাকে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
এদিকে, নতুন দায়িত্ব পাওয়া আবদুল অদুদ মুন্সী বলেন, “দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে চাই। দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মেঘনা উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করতে চাই।”
চিঠির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের কাছে পাঠানো হয়েছে।

দাউদকান্দি-মেঘনায় চাঁদাবাজদের নাম-পরিচয় জানতে চাইলেন ড. খন্দকার মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার:
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
দাউদকান্দি-মেঘনায় চাঁদাবাজদের নাম-পরিচয় জানতে চাইলেন ড. খন্দকার মারুফ

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িতদের নাম-পরিচয় ও বিস্তারিত তথ্য চেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ইতিবাচক মন্তব্যও করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দি ও মেঘনা এলাকায় কমিটি গঠন, বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা কিংবা অন্য কোনো অজুহাতে চাঁদা দাবি বা আদায়ের ঘটনা এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, ঘটনার বিবরণ ও প্রমাণসহ একটি তালিকা তৈরি করে গোপনীয়ভাবে তার কাছে দিতে হবে।
তিনি আরও জানান, অভিযোগগুলো যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।
ব্যক্তিগত বিরোধ কিংবা বিদ্বেষের বশবর্তী হয়ে কারও নাম অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।
স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও মাদকসংশ্লিষ্ট অপরাধের অভিযোগ চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের এ উদ্যোগ দাউদকান্দি ও মেঘনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে যেকোনো অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ যাচাই, গ্রহণযোগ্য প্রমাণ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করাই হবে ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ শর্ত।

আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গত ১৮ অক্টোবর বিকেলে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামের একটি অটো গ্যারেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈয়দ আলভী (৩০), মো. মামুন (৩৪) ও জহিরুল (২৭)। তাঁদের মধ্যে আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা, মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি ও অন্যান্য ধারায় তিনটিসহ মোট পাঁচটি মামলা এবং জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলার তথ্য দিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অংশ নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৮ অক্টোবর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আশুলিয়া থানার আউকপাড়া আদর্শগ্রামের জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটো গ্যারেজে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। বিকেল সাড়ে ৫টার দিকে গ্যারেজ থেকে তিনজনকে আটক করা হয়।

এ সময় তাঁদের হেফাজত থেকে লোহার তৈরি কাঠের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল এবং এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা পিস্তলটির কাঠের বাটসহ তির্যক দৈর্ঘ্য সাত ইঞ্চি। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘TTA’ ও ‘ALY’ লেখা খোদাই করা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।