ভোটের পর জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী জামায়াতে ইসলামী: আমির শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোটের পর একটি জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। যদি রাজনৈতিক দলগুলো একসঙ্গে আসে, তাহলে আমরা সবাই মিলে সরকার পরিচালনা করব।”
ঢাকার একটি আবাসিক এলাকায় নিজ কার্যালয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, একটি জাতীয় সরকারের ক্ষেত্রে দুর্নীতিবিরোধী কর্মসূচি সবার জন্য একটি যৌথ লক্ষ্য হওয়া উচিত। তিনি জানান, প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা, যে দল সংসদে সর্বাধিক আসন অর্জন করবে। জামায়াত যদি সর্বোচ্চ আসন পায়, তবে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না—সে সিদ্ধান্ত দলীয় ফোরামে নেওয়া হবে বলে জানান তিনি।
ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ক্ষমতা হারানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করাকে তিনি উদ্বেগজনক মনে করেন। তার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হয়েছিল।
নয়াদিল্লি যখন সম্ভাব্য নতুন সরকার গঠনকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, সে বিষয়ে শফিকুর রহমান জানান, চলতি বছর তিনি একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে জানান তিনি। অন্যদিকে, অন্যান্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও উল্লেখ করেন জামায়াত আমির।
তিনি বলেন, “আমাদের সবাইকে সবার প্রতি খোলা মনোভাব রাখতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই।”
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।
পাকিস্তানের সঙ্গে জামায়াতের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়তে চাই না। সবাইকে সম্মান করি এবং ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাই।”

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]