যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকের মনোনয়ন বৈধ ঘোষণা
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘোষণা দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবলীগ নেতার মনোনয়ন ফরম জমা নেওয়ার পর নরসিংদীতে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদে থাকা অবস্থায় কিভাবে বর্তমান সময়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া সম্ভব। পরে শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই চলাকালীন সময়ে প্রার্থীদের সমর্থকরা যুবলীগের সম্পৃক্ততার কারণে আপত্তি তোলায় তার প্রার্থিতা সাময়িক স্থগিত করা হয়।
পরবর্তীতে রাতের দিকে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে এই আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, “নরসিংদী-৫ (রায়পুরা) আসনে তৌফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই করার সময় নির্বাচন কমিশনের আইনের সব শর্ত পূরণ হওয়ায় তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।”

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]