আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অস্ত্র উদ্ধারে দেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান
অস্ত্র ও মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সততা ও পেশাদারিত্বের অনন্য স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
গত শনিবার (২৯ আগস্ট) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। সভায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আনিসুজ্জামান পিপিএম-এর হাতে ১ম পুরস্কারের ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “এই অর্জন শুধু আমার একক সাফল্য নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত দলগত প্রচেষ্টার (টিমওয়ার্ক) ফল। এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের গতি ও উৎসাহ আরও বাড়িয়ে দেয়। কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।”
জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও জানান, এই গৌরবময় অর্জনের নেপথ্যে রয়েছে কুমিল্লার সাধারণ জনগণ ও জনপ্রতিনিধিদের অকৃত্রিম সমর্থন ও সহযোগিতা। তাদের সঠিক তথ্য ও সার্বিক সহায়তা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব হতো না।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে পুলিশ সুপার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন যে, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার পাশাপাশি জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]