খুঁজুন
, ,

ইবিতে গ্রীন ভয়েসে’র আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

ইবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
ইবিতে গ্রীন ভয়েসে’র আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা গ্রীন ভয়েসের উদ্যোগে ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’–এর সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ৬৩ জন অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নাসিম আহমেদ ও মাইমুনা সুলতানা মিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ও খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাবির সাবেক সভাপতি আশিকুর রহমান এবং কেন্দ্রীয় সদস্য ও ইবি শাখার সাবেক সভাপতি এস এস সুইট উপস্থিত ছিলেন।

সনদ পেয়ে এক শিক্ষার্থী বলেন, “এধরনের জীবনমুখী কর্মশালা সত্যই আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করেছে, যদিও মাত্র ৭ দিনব্যাপী প্রশিক্ষণে তেমন কিছু শেখা যায় না। পরবর্তীতে এ ধরনের আয়োজন আরেকটু দীর্ঘ সময় নিয়ে করলে অনেক বেশি ফলপ্রসু হবে বলে মনে করি। এ ধরনের আয়োজন করার জন্য গ্রীন ভয়েস কে ধন্যবাদ। “

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, “আত্মরক্ষা কেবল শারীরিক বিষয় নয়, আমাদের সমাজকেও রক্ষা করতে হবে। সমাজ সুন্দর হলে আমাদের নিরাপত্তাও নিশ্চিত হবে। আমাদের কাছের বন্ধু, পরিবার বা সমাজ—নানা জায়গা থেকে আমরা হুমকির সম্মুখীন হই। তাই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাও আত্মরক্ষার একটি বড় কৌশল। শিক্ষিত মা যেমন শিক্ষিত জাতি তৈরি করে, তেমনি এই প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষা যদি আমরা জীবনে প্রয়োগ করি ও ছড়িয়ে দেই, তবেই একটি কাঙ্ক্ষিত সমাজ গড়ে উঠবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “যার রক্ষার জন্য কেউ নেই সেই আত্মরক্ষার কৌশল অবলম্বন করে। আত্মরক্ষার কৌশল তোমরা হয়তো রপ্ত করেছো বিশেষ করে আমাদের সমাজের ছেলে বা মেয়ে যারা আমাদের সমাজের বিভিন্ন সমস্যার সম্মুখীন হও তোমাদের অবশ্যই এটা কাজে দিবে। আত্মরক্ষার জন্য যেটি বেশি দরকার সেটি হলো আত্মবিশ্বাস। আমাদের অনেকে নিজেকে নিয়ে হতাশ থাকে আত্মবিশ্বাসের অভাবে। জ্ঞান অর্জনের কৌশল ও প্রতিযোগিতার মনোবলের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন সম্ভব। নিজেদের মধ্যে সব সময় চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা রাখতে হবে“।

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, “আজকের এই অনুষ্ঠানের সনদপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নারী শিক্ষার্থীদের জন্য আমাদের এই আয়োজন ছিল, তাঁদের আত্মরক্ষা কৌশল শিখানোর মুল লক্ষ্য ছিল তাদের আত্মবিশ্বাসী করে তোলা সেটা করা হয়েছে।“

উল্লেখ্য, চলতি বছরের ২১ থেকে ২৭ জানুয়ারি ৭ দিনব্যাপী ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’ শীর্ষক আত্মউন্নয়ন প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের জীবনমুখী কর্মশালা আরও সময় নিয়ে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভিতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

তিনি আরো জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে রবিবার রাত ১২:৩০ টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হলেও কোনো বড় ক্ষতি না হয়ে, শুধুমাত্র সিঁড়িতে সামান্য দাগ রয়ে গিয়েছে।

ঘটনা স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে। খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানালেন, দুইজন যুবক একটি মোটরসাইকেলে এসে বোমা নিক্ষেপের পর দ্রুত পালিয়ে গেছেন।

বোমা বিস্ফোরণের পর কিছুক্ষণ আগুন জ্বলে উঠলেও তা স্বয়ংক্রিয়ভাবে নিভে যায়। সিটি করপোরেশনের কর্মীরা জানান, ক্যামেরা ফুটেজে বোমা ছোড়া এবং বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে।

পুলিশ বর্তমানে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তদন্ত চালাচ্ছেন এবং আইনগত ব্যবস্থা নেবে। ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশিত হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালীকে। তবে বিস্ময়কর বিষয় হলো, মামলার ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তার মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৯ মার্চ মারা যাওয়া এই ব্যক্তির নাম মামলার এজাহারে রয়েছে ২১৯ নম্বর আসামি হিসেবে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

মামলার নথি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ সামচু ঢালীর মৃত্যু হয়। অথচ গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর একটি ফৌজদারি মামলার আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

 

জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বর আসামি হিসেবে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

ঘটনার আগেই মারা যাওয়া একজন ব্যক্তির নাম কীভাবে মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় থাকার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। একটি পোস্টে বিদ্রূপ করে বলা হয়েছে, দলের প্রতি তার নিবেদন এতটাই ছিল যে আন্দোলনের খবর পেয়ে কবর থেকে উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। এমনকি মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেছেন বলেও ব্যঙ্গ করা হয়েছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

 

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’