খুঁজুন
, ,

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল মৌসুমের প্রথম জাহাজ

আহনাফ হামিম | বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল মৌসুমের প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করেছে চলতি মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে আট শতাধিক পর্যটক নিয়ে দ্বীপটির উদ্দেশে ছেড়ে যায় এমভি বার আউলিয়া। এর মধ্য দিয়ে নতুন মৌসুমে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হলো।

জাহাজে ওঠার আগে পর্যটকদের ট্রাভেল পাস যাচাই করা হয়। পাশাপাশি দ্বীপ ভ্রমণের সময় পরিবেশ সংরক্ষণ ও সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এ সময় জাহাজের ফিটনেস, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে বুধবার কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অনুমোদন পাওয়া জাহাজগুলো হলো—এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০, এমভি কর্ণফুলীর ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন।

গত ২৫ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের বিধিনিষেধ তুলে নেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, নানা জটিলতা কাটিয়ে আট শতাধিক যাত্রী নিয়ে এমভি বার আউলিয়া সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করেছে। যাঁরা টিকিট সংগ্রহ করেছেন, তাঁরাই আজ ভ্রমণে যাচ্ছেন। সকাল সাড়ে ৭টায় কক্সবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া জাহাজটি বিকেল আড়াইটায় সেন্ট মার্টিন ঘাট থেকে ফিরবে।

তিনি আরও বলেন, সরকার আরও দুটি জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় পর্যায়ক্রমে সেগুলোও চালু করা হবে। এ ছাড়া আরও ছয়টি জাহাজ চলাচলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেন্ট মার্টিনের পর্যটন নিয়ে বর্তমান সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেও উল্লেখ করেন তিনি।

কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, জাহাজ চলাচলে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। কোস্টগার্ড, নৌপুলিশ ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছেন। প্রাথমিকভাবে সবকিছু ঠিকঠাক পাওয়া গেছে। পর্যায়ক্রমে জাহাজ চলাচল বাড়লে প্রতিটি বিষয় আরও নিবিড়ভাবে তদারকি করা হবে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, জাহাজের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শনসহ সার্বিক নিরাপত্তার বিষয়গুলো দেখা হয়েছে। এসব সরঞ্জাম বিআইডব্লিউটিএ পরীক্ষা করে থাকে। পরিদর্শনে সবকিছু নিয়ম অনুযায়ী পাওয়া গেছে।

এর আগে বুধবার তিনটি জাহাজ চলাচলের ঘোষণা থাকলেও যাত্রী সংকটের কারণে শেষ পর্যন্ত একটি জাহাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, ইতিমধ্যে অনেক পর্যটক টিকিট সংগ্রহ করেছেন। তাঁদের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ সেন্ট মার্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘ বিরতির পর পর্যটকদের পদচারণায় আবারও মুখর হওয়ার অপেক্ষায় দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তবে পর্যটন কার্যক্রমের পাশাপাশি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।

প্রধানমন্ত্রীর আগমনের দিনে খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি করে হ/ত্যা।

গাজী আব্দুল কুদ্দুস, খুলনা
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর আগমনের দিনে খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি করে হ/ত্যা।

গাজী আব্দুল কুদ্দুস, খুলনা। খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর পনে ২টায় ডুমুরিয়া উপজেলার থুকড়া আমভিটা মধ্যপাড়া উচুভিটা গফুর সানার চায়ের দোকানে এ হত্যাকান্ড ঘটে। নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আমভিটা ও মাধবকাটি বিলে মাছের ঘের করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে দৌলতপুরের দিক থেকে আসা ২টি মোটর সাইকেলে থাকা দুর্বৃত্তরা তরিকুল ইসলামকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। তখন তরিকুলের বুকে ২টি গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এবং সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় পাশে থাকা লোকজন দিকবিদিক ছুটতে থাকে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। এ প্রসঙ্গে খুলনা জেলা পুলিশের এএসপি (বি-সার্কেল) খায়রুল আনাম বলেন, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তরিকুল ইসলামের বুকে ২টি গুলি লেগেছে। আমাদের টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, বুধবার খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যখন নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও নানা কর্মসূচি চলছিল, ঠিক সেই দিনই ডুমুরিয়ায় এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। খুলনা নগরীতে একের পর এক হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার গ্রামাঞ্চলে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ, যানবাহন ও কারখানায় হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ, যানবাহন ও কারখানায় হামলা-ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই সময়ে আশপাশের কয়েকটি চালু কারখানায়ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি কারখানায় শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুরের আনসার রোড এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কে চলাচলরত বেশ কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে আশপাশের উৎপাদন কার্যক্রম চালু থাকা কয়েকটি কারখানায়ও হামলার ঘটনা ঘটে।

হঠাৎ এ হামলার ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি ঘোষণা করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সেখান থেকে সরে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হামলার নেপথ্যে কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, হামলা ও ভাঙচুরের ঘটনার পর শ্রীপুরের আনসার রোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

টেকনাফে এসআরবি-১৫-এর বড় অভিযান: ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
টেকনাফে এসআরবি-১৫-এর বড় অভিযান: ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি দেশীয় তৈরি অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি চক্র সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।

এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে বড় বড় ইয়াবার চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত ৬ অক্টোবর ২০২৬ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫-এর ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার এবং মোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অধিনায়ক বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে এসআরবি-১৫-এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধী যে পর্যায়েরই হোক, তাদের আইনের আওতায় আনতে বাহিনী বদ্ধপরিকর।

গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।