খুঁজুন
, ,

এক বছরে চট্টগ্রাম নগরীতে সড়কে প্রাণহানি ১৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
এক বছরে চট্টগ্রাম নগরীতে সড়কে প্রাণহানি ১৩৭

চট্টগ্রাম নগরীতে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি ছিলেন পথচারী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) যৌথ উদ্যোগে তৈরি ‘চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২৫’-এ এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপির সম্মেলন কক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

ব্লুমবার্গ ফিলানথ্রপিসের উদ্যোগে পরিচালিত বিআইজিআরএস কর্মসূচির আওতায় ২০১৭ সাল থেকে প্রতি বছর এ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪-এ আট বছরে নগরীতে সড়ক দুর্ঘটনায় মোট ৬৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে পথচারীই সবচেয়ে বেশি, প্রায় ৩৬৩ জন। দুই ও তিন চাকার যানবাহনের চালক ও যাত্রীরাও ঝুঁকিতে ছিলেন বেশি।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রতিবেদনে ২০টি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে বিজ্ঞানসম্মতভাবে সেগুলোর ত্রুটি সমাধানের কথা বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— নগরীর বড়পোল মোড়, অলংকার মোড়, সিইপিজেড গেট, সিটি গেট, নিউমার্কেট বাসস্টপ, কালামিয়া বাজার বাসস্টপ এবং সাগরিকা গোলচত্বর।

বৈশ্বিক জনস্বাস্থ্য সংস্থা ভাইটাল স্ট্যাটেজিসের সহায়তায় তৈরি সমীক্ষা প্রতিবেদনের মূল তথ্য উপস্থাপন করেন বিআইজিআরএসের সার্ভেইলেন্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বিআইজিআরএস চট্টগ্রামের ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর লাবিব তাজওয়ান উৎসবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী এবং চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, সিএমপি ইতোমধ্যে একটি রোড সেফটি সেল গঠন করেছে। রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করেছে। ভবিষ্যতে এই সেল থেকে প্রতিবেদন প্রস্তুত করা হবে। এসব প্রতিবেদন নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন অংশীজনের জন্য একটি দিকনির্দেশক হিসেবে ব্যবহৃত হবে।

শ্রমিকদের যৌক্তিক দাবির আন্দোলনের সরকার আন্তরিক গাজীপুর বিএনপি নেতা কামাল উদ্দিন

শেখ মোরশেদ আলম জিসান. স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ণ
শ্রমিকদের যৌক্তিক দাবির আন্দোলনের সরকার আন্তরিক গাজীপুর বিএনপি নেতা কামাল উদ্দিন

গাজীপুরে দীর্ঘদিন ধরে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। সোমবার দিনভর জেলার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। একপর্যায়ে অবরোধমুক্ত করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকাতেও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানাকে হামলা ও নাশকতা থেকে রক্ষার লক্ষ্যে গাছা থানা বিএনপি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলন ও ন্যায্য অধিকার আদায়ের দাবির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমত পোষণ করে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিক বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবীর বিষয় সরকার আন্তরিক । নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার একটি সুন্দর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন। শ্রমিকদের ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে চলে যাওয়ার আহ্বান জানান তিনি।

মোঃ কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে সরকারকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি অংশ সহিংসতা ও নাশকতার চেষ্টা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, গাজীপুরে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সুবিধা করতে না পেরে শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ করে কিছু ব্যক্তি নাশকতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছে।

শ্রমিকদের উদ্দেশে কামাল উদ্দিন বলেন, পোশাক কারখানা ও শিল্প কারখানা গুলো শ্রমিকদের নিজেদের নিরাপত্তা দিতে হবে কারণ সেটি শ্রমিকদের স্থান শিল্প কারখানা ধ্বংসযজ্ঞ হামলা চালালে নিজেদের ক্ষতি হবে এবং আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী ও উসকানিদাতাদের চিহ্নিত করতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উসকানিতে পা না দিয়ে নিজেদের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ ভাবে নিজ নিজ কর্মস্থানে ফিরে যেতে হবে এবং সরকারের পাশে থেকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে—এ কথা উল্লেখ করে তিনি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কামাল উদ্দিন আরও বলেন, জনজীবনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতেই গাছা থানা বিএনপির এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা (Assistant Revenue Officer) মাহমুদ আল হোসাইনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও প্রচারণায় অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নানা আলোচনা চলছে।

 

অভিযোগ রয়েছে, মাহমুদ আল হোসাইন ২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিতে যোগদানের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতি তার ঘনিষ্ঠতা ও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। একই সঙ্গে প্রতিপক্ষকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

সম্প্রতি তার ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও শেয়ারের বিষয় সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পোস্ট শেয়ারসহ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার মতো কর্মকাণ্ড তার ফেসবুক কার্যক্রমে দেখা যায়।

 

এ ছাড়া বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জুলাই-আগস্টের আন্দোলনের নেতাদের নিয়েও তার বিভিন্ন ব্যঙ্গাত্মক ও সমালোচনামূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণা ছড়ানোর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

 

শুধু রাজনৈতিক বক্তব্য নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নারীকে নিয়ে আপত্তিকর ও চরিত্রহননমূলক মন্তব্য করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী ও সংগঠনটির নেত্রী ফাতেমা তাসনীম জুমাকে নিয়ে তার করা কিছু পোস্ট নিয়েও সমালোচনা দেখা দিয়েছে।

 

সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে **সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫**-এ বিধিনিষেধ রয়েছে। সরকারি চাকরিতে থাকা ব্যক্তিদের রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ক্ষেত্রে এসব বিধি প্রযোজ্য। ফলে একজন সরকারি কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচার-প্রচারণা কিংবা কোনো রাজনৈতিক পক্ষের প্রকাশ্য সমর্থন বা বিরোধিতা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়ে নতুন করে নানা আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে এনবিআরের একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অনেকে।

 

অভিযোগকারীদের প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে মাহমুদ আল হোসাইনের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড সরকারি কর্মচারীদের আচরণবিধির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো কতটা সত্য—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

 

এ বিষয়ে মাহমুদ আল হোসাইনের বক্তব্যর জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ব্যবহিত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

শ্রমিকলীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ বিএনপি নেতা ওয়াদুদসহ বহিষ্কৃত শাহিন শিকদারের বিরুদ্ধে

ডেস্ক নিউজ:
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
শ্রমিকলীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ বিএনপি নেতা ওয়াদুদসহ বহিষ্কৃত শাহিন শিকদারের বিরুদ্ধে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় শ্রমিক লীগের নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার পর থানা হাজত থেকে দলবদ্ধভাবে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও দল থেকে বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদারসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে। আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার প্রতিবাদে পরে থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের অপর একটি অংশের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভূরুঙ্গামারী গরুর হাটে মো. আসিফ হোসেন নামে এক ব্যক্তির শার্টের কলার ধরে কিল-ঘুষি মারার অভিযোগ ওঠে জাতীয় শ্রমিক লীগের নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে। এ সময় সেখানে উত্তেজনার সৃষ্টি হলে উপস্থিত লোকজন ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী তাঁকে আটক করেন। পরে তাঁকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের পর যুবদলের সাবেক নেতা মো. আনিচুর রহমান লেবু অভিযোগ করেন, নজরুল ইসলাম ২০১৭ সালের জাতীয় শ্রমিক লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখার কমিটির নেতা। তাঁর বিরুদ্ধে গত ২৯ আগস্ট চাঁদাবাজির অভিযোগে আশরাফুল নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ নম্বর ১৬০৮/২৯/০৮/২০২৬। ওই অভিযোগে নজরুল ইসলামকে দ্বিতীয় অভিযুক্ত করা হয়েছে। তবে প্রভাব খাটিয়ে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

নজরুল ইসলামকে আটকের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল হাসান সোহেল, যুবদল নেতা আনিচুর রহমান লেবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলামকে থানায় নেওয়ার আগে থেকেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ থানায় উপস্থিত ছিলেন না। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে হাজতে রাখে। এর প্রায় ৩০ মিনিট পর বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও কাঠ মানিকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী থানায় প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় তাঁরা থানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে হাজত থেকে নজরুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে যান। তবে কী প্রক্রিয়ায় এবং কার অনুমতিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ।

এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে, বিএনপির বহিষ্কৃত নেতা ফরিদুল হক শাহিন শিকদার সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুনের সঙ্গে কথা বলেন। পরে তাঁর নির্দেশনাতেই নজরুল ইসলামকে হাজত থেকে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এ অভিযোগের বিষয়ে এএসপির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো প্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

নজরুল ইসলামকে হাজত থেকে ছাড়িয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপির অপর একটি অংশের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল হাসান সোহেল, সাবেক বিএনপি নেতা মো. মামুন ব্যাপারী ও যুবদল নেতা আনিচুর রহমান লেবু। তাঁদের সঙ্গে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভকারীদের প্রশ্ন, পুলিশের কাছে সোপর্দ করা একজন আটক ব্যক্তিকে কীভাবে থানা হাজত থেকে ছাড়িয়ে নেওয়া হলো? কার নির্দেশনা বা অনুমতিতে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে? তাঁরা ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভূরুঙ্গামারী উপজেলা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, “যে ব্যক্তিকে বিএনপির কর্মী দাবি করে থানা থেকে মব সৃষ্টি করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তাকে ২৪-এর গণআন্দোলনের আগে কোনো কর্মসূচিতে দেখি নাই।”

তবে ভূরুঙ্গামারী থানার একাধিক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দুই গ্রুপের দলাদলির কারণে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারছি না। গ্রেপ্তার করলেই তাদেরকে ছাড়িয়ে নিতে শুরু হয় তদবির বাণিজ্য। এ অবস্থায় চলতে পারে না। এতে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদারকে একাধিকবার ফোন দিলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “আটক নজরুল ইসলাম শ্রমিক লীগের নেতা নন। তিনি মূলত শ্রমিক ইউনিয়নের নেতা। তাছাড়া তাঁকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়নি। একই নাম হওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে।”