কক্সবাজারে মাদকবিরোধী র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কক্সবাজার জেলা প্রতিনিধি।
“বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্যা, নতুন প্রতিবন্ধকতা এবং উদ্ভাবনী সমাধান” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কক্সবাজারে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ দৌলত ময়দানে গিয়ে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে জেলা সরকারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আঃ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, মাদকের ভয়াবহ কুপ্রভাব থেকে সমাজকে মুক্ত করতে জেলায় আরও মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, জেলাজুড়ে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ৬৪ বিজিবি উখিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]