কোরবানির মাংস বণ্টন ঘিরে ভাঙ্গায় সংঘর্ষ, পণ্ড ঈদ জামাত; আহত অন্তত ২৮
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে কোরবানির মাংস বণ্টনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি পণ্ড হয়ে যায় ঈদের জামাতও।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে গ্রামের ঈদগাহ ময়দানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামটিতে কামরুজ্জামান মোল্লা ও জাহাঙ্গীর মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভক্তি রয়েছে। প্রতিবছরের মতো এবারও কোরবানির তিন ভাগের একটি অংশ দরিদ্রদের মাঝে বিতরণের প্রস্তুতি চলছিল। তবে সেই মাংস মসজিদ থেকে একত্রে বিতরণ করা হবে, নাকি প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে বিতরণ করবে, তা নিয়ে ঈদের নামাজ শুরুর আগেই দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে আহত হন অন্তত ২৮ জন।
আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আলগী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর মোল্লা ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, ঈদের আনন্দের দিনে সামান্য মাংস বণ্টনের বিষয় নিয়ে এমন সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়। তিনি জানান, তখনও ঈদের নামাজ ও পশু কোরবানি সম্পন্ন হয়নি। এর আগেই বণ্টন পদ্ধতি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে ভাঙ্গা থানা-র ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]