খুঁজুন
, ,

ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!

ছবি: সংগৃহীত

নিজের বিরুদ্ধে করা ধর্ষণ, প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে দিয়ে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে।

অভিযোগকারীর দাবি, অভিযোগের নিষ্পত্তির নামে তাকে গাজীপুরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। পরে গত ২৪ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর এ নিয়ে পুলিশে দুটি লিখিত অভিযোগ দেন তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বরাবর এগুলো জমা দেওয়া হয়।

ওই নারী জানান, প্রথম অভিযোগ জমা দেওয়ার দেড় মাসের বেশি সময় পার হলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে এখন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বরের অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে তিনি কাশিমপুর থানায় যান। এ সময় সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এর সুবাদে পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

তার দাবি, ইফতেখার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে বিভিন্ন সময়ে তার বন্ধু সোহেলের বাড়িতে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ কাজে সোহেল সহযোগিতা করতেন। ইফতেখারের সঙ্গে দেখা করানোর কথা বলে সোহেল নিয়মিত তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন। পরে বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার পাঁচ বছর অপেক্ষা করতে বলেন। পরে বিয়েতে অস্বীকৃতি জানান। বিষয়টি প্রকাশ হলে পরিণতি ভালো হবে না বলে তাকে হুমকি দেন সোহেল।

ওই নারীর আভিযোগ, ইফতেখারের বাবাও ফোন করে তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন। এসবের প্রতিবাদ করলে ইফতেখার তাকে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেন। পরে নিরুপায় হয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানান।

তিনি আরও জানান, গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল কেড়ে নেন। এ সময় ইফতেখারের সঙ্গে যোগাযোগের কল রেকর্ড ও মোবাইলের বার্তা মুছে ফেলা হয়। তবে এর আগেই কিছু অডিও রেকর্ডিং ও ছবি অন্যত্র সংরক্ষণ করেছিলেন। পরে সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন।

জিএমপি কমিশনারের কাছে গত ১৯ অক্টোবর এ নিয়ে দ্বিতীয় লিখিত অভিযোগ জমা দেন ওই নারী। এতে তিনি উল্লেখ করেন, ১৮ অক্টোবর তাকে জোরপূর্বক এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়।

অভিযোগকারীর দাবি, এর মধ্যে আট লাখ টাকা তার কাছে রয়েছে। বাকি দুই লাখ টাকা তার এক কাকা এবং থানার এক ইনফর্মার জোর করে রেখে দিয়েছেন। আট লাখ টাকা সরকারি হেফাজতে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে তিনি প্রস্তুত।

তনি বলেন, ভয়ভীতি দেখিয়ে নেওয়া স্বাক্ষরকে আপসনামা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি কোনো ধরনের আর্থিক সমঝোতা চান না। বরং সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

তার দাবি, প্রথম অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর কয়েকজন ব্যক্তি এলাকায় গিয়ে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, ‘তদন্তের জন্য পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১৬ তারিখে ডাকা হয়েছিল। অসুস্থ থাকায় যেতে পারিনি। আমি কমিশনার স্যারকে ম্যাসেজ দিয়ে জানিয়েছি। সুস্থ হলে যে কোনো দিন যেতে পারব। কমিশনার স্যার বলেছেন, ঠিক আছে।’

আর কোনো আর্থিক সমঝোতা চান না উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ি থানার ওসি ইফতেখার হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

পাবনায় সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ
পাবনায় সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা।শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে ওসি প্রত্যাহার ও নতুন ওসি নিয়োগের আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বেড়া থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ সুপার বলেন, একজন কিশোর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানতে পেরেছি। তবে আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। কাউকে আটকও করা হয়নি।স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে গত দুই দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানা এলাকায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

চলমান উত্তেজনা ও বিশৃঙ্খলা নিরসনে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়। ভাঙচুর করা হয় তার ক্যামেরাও।

এরপরই বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সকাল থেকে চলা উত্তেজনা ও সংঘর্ষ সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে।

অর্থের অভাবে বন্ধ হবে না সন্তানের পড়াশোনা, চাকরিরও আশ্বাস দিলেন ছাত্রদল নেতা এসএম মোমিনুর রহমান

শেখ মোরশেদ আলম জিসান
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
অর্থের অভাবে বন্ধ হবে না সন্তানের পড়াশোনা, চাকরিরও আশ্বাস দিলেন ছাত্রদল নেতা এসএম মোমিনুর রহমান

এস এম মোমিনুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর ও ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী

আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এস এম মোমিনুর রহমান। তিনি বলেছেন, কোনো অভিভাবক অর্থের অভাবে সন্তানের পড়াশোনা চালিয়ে নিতে ব্যর্থ হলে তার পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এমনকি শিক্ষার স্বার্থে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

 

শুক্রবার (২১/১১/২০২৬) গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৭ নম্বর ওয়ার্ডে তাহফিজুল কুরআন মাদ্রাসার ২০ জন হাফেজের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বক্তব্যে এস এম মোমিনুর রহমান অভিভাবকদের সন্তানদের ইসলামী শিক্ষার আদর্শে গড়ে তুলতে মাদ্রাসায় পড়ানোর আহ্বান জানান। পাশাপাশি একটি সুন্দর, সুস্থ ও আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মাহফিলে পাগড়িপ্রাপ্ত ২০ জন হাফেজের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন তিনি।

 

তিনি আরও বলেন, যারা পবিত্র কোরআন ও মাদ্রাসার বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে এস এম মোমিনুর রহমান ছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ওমর ফারুক খান।

 

মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ উন নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সরকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান।

 

এ সময় মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করেন পীর কামেল শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওলানা মোবারক হোসেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন নূরানী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

ওয়াজ, পাগড়ি প্রদান, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ধর্মীয় এ আয়োজনের সমাপ্তি ঘটে।

দেবিদ্বারের দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

মোহাম্মদ শিপন (দেবিদ্বার ) প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
দেবিদ্বারের দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) দেবিদ্বার উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদুর রহমান মাসুদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম শামীমের স্বাক্ষরিত পৃথক অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো. ওসমান গনিকে আহ্বায়ক এবং মো. ইউসুফকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মো. আফজালুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. নানু সরকার, মো. মোস্তফা খন্দকার, মো. আলামিন সরকার, মো. মামুনুর রশিদ, মো. শামসুল হক, মো. খলিলুর রহমান, মো. নাছির উদ্দিন, মো. মোস্তফা কামাল, মো. ইযাছিন আরাফাত ও জান্নাতুল ফেরদৌসকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে কে এম নাসির উদ্দিনকে সদস্য সচিব, মো. দেলোয়ার হোসেন ও মো. সোহেল রানাকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং মো. আলিউল্লাহ সরকার, মো. ইকবাল হোসেন, মো. আতীকুর রহমান, মো. নাছির উদ্দিন ও মো. আবু কালামকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

অন্যদিকে, কমিটির মুখ্য সংগঠক হিসেবে মো. জসিম মুন্সী এবং সহ-সংগঠক হিসেবে মো. মঞ্জুর হোসেন, মো. শামীম, মো. আতীকুর রহমান, মো. মাসুম পারভেজ, মো. সেলিম মিয়া, আব্দুল ছাত্তার খন্দকার, মো. রফিকুল ইসলাম ও মো. খোকন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. জাহাঙ্গীর আলম, মো. আজাদুল, মো. কামাল হোসেন, মো. এরশাদ খাঁন ও মোছা. রোকসানা আক্তার পপিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আগামী ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে।