খুঁজুন
, ,

খাসজমি ব্যক্তিমালিকানা নামজারির অভিযোগে আলোচিত আরিফুল ভূরুঙ্গামারীর ইউএনও

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
খাসজমি ব্যক্তিমালিকানা নামজারির অভিযোগে আলোচিত আরিফুল ভূরুঙ্গামারীর ইউএনও

সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় নামজারি, ভূমিসেবায় অনিয়ম এবং সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে আলোচিত সাবেক ভূমি কর্মকর্তা আরিফুল হককে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ আরিফুল হক (পরিচিতি নম্বর-১৮৯৬৫) বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা । তিনি এর আগে কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়া, ভূমিসেবায় দালালদের দৌরাত্ম্য এবং সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

কুড়িগ্রাম সদর উপজেলার আরাজি পলাশবাড়ী মৌজায় সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এসএ ২০০১ ও ২০৭৪ দাগের সরকারি জমি ব্যক্তিমালিকানায় নামজারি করা হয়। এতে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়া গুচ্ছগ্রামের ভূমিহীন পরিবারগুলো বসতভিটা হারানোর আশঙ্কায় পড়েন।

এ ঘটনায় সরকারি জমি বেহাত হওয়ার আশঙ্কা এবং ভূমিহীনদের উচ্ছেদ-ঝুঁকির বিষয়টি আলোচনায় আসে। তবে অভিযোগের বিষয়ে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, আরএস রেকর্ড অনুযায়ী নামজারি করা হয়েছে এবং জেলা প্রশাসনের নির্দেশনাসংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি।

তাঁর দায়িত্ব পালনকালে উপজেলা ভূমি অফিস এবং সরকারি উদ্যোগে আয়োজিত ভূমিসেবা মেলায় দালালদের মাধ্যমে সেবা প্রদান ও অনৈতিক লেনদেনের অভিযোগও গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ ছাড়া সাংবাদিক পরিচয় দেওয়ার পর তাঁকে স্যার’ সম্বোধন না করে ভাই’ বলায় ক্ষুব্ধ হয়ে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। এ ঘটনাও সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার সৃষ্টি হয়।

সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় নামজারি এবং ভূমিসেবায় অনিয়মের মতো গুরুতর অভিযোগে আলোচিত একজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ উপজেলা প্রশাসনের দায়িত্ব দেওয়ায় স্থানীয় সচেতন মহলে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে কোনো বিভাগীয় তদন্ত হয়েছে কি না এবং তদন্তের ফলাফল কী। সরকারি সম্পত্তি রক্ষা ও সাধারণ মানুষের ভূমিসেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত বা চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৭ মে অমৃত দেবনাথ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মাত্র ৬ মাসের মধ্যে ১০ নভেম্বর বদলী হন। বর্তমান নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

দাউদকান্দির মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কনিলের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
দাউদকান্দির মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কনিলের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শিমুল আহমেদ কনিল।

তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুর রহমানের সন্তান শিমুল আহমেদ কনিলের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা যায়। মোটর শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান।

আয়োজকদের বক্তব্য, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মরহুম মজিবুর রহমান চেয়ারম্যান দীর্ঘদিন ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও জনসেবার স্মৃতি এখনো স্থানীয়দের কাছে আলোচিত।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা, বাবার আদর্শ ও জনসেবার চেতনাকে ধারণ করে শিমুল আহমেদ কনিল ইউনিয়নের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।

মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা

ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের কবলে পড়ার পর ২ লাখ ১৭ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী হারিয়ে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পাওয়ার পর রাতেই তিনি ঢাকায় নিজের বাসায় ফেরেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মনিরুল হক ফরাজীর অভিযোগ, এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তবে এ বিষয়ে এখনো তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও চালক হাসানকে সঙ্গে নিয়ে বাগেরহাটের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে তাদের গাড়ির গতিরোধ করা হয়।

এ সময় লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি গাড়িটি ঘিরে ধরে। পরে গাড়ি থেকে নামিয়ে মনিরুল হক ফরাজীকে মারধর করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা অন্য দুজনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মনিরুলের দাবি, হামলাকারীরা তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখতে পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো নিয়ে যায় তারা।

পরে তাকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নিয়ে ঘোরানো হয় এবং ছেড়ে দেওয়ার বিনিময়ে আরও টাকা দাবি করা হয়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা পাঠানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

সব মিলিয়ে নগদ অর্থ ও মুক্তিপণ বাবদ ২ লাখ ১৭ হাজার টাকা এবং মূল্যবান সামগ্রী খোয়ানোর দাবি করেছেন এই বিএনপি নেতা। মুক্তি পাওয়ার পর বিভিন্ন যানবাহনে করে পথ পরিবর্তন করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় পৌঁছান তিনি।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বিএনপি নেতা মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়ার পর গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পরে তিনি ঢাকায় ফিরে এসেছেন বলে জানা গেছে। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগ কর্মী রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ। আটক ২

মো:ইউনুচ ,রায়পুর উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
ছাত্রলীগ কর্মী রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ। আটক ২

লক্ষ্মীপুরের রায়পুর থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ধাওয়া করে দুই যুবককে আটক করেছে পুলিশ। রায়পুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর মার্চেন্টস একাডেমির পেছন থেকে থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রায়পুর থানা পুলিশ ও পৌর ছাত্রদলের কয়েকজন সদস্য ধাওয়া করে মুন্সীবাড়ির বাগান এলাকা থেকে ২জনকে আটক করেন।

আটককারীদের দাবি, আটক দুজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তাদের মোবাইল ফোন পরীক্ষা করে বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিহাদের নেতৃত্বাধীন একটি মেসেঞ্জার গ্রুপে নাশকতার পরিকল্পনাসংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে, ঘটনার পর রায়পুর থানা পুলিশের সদস্যরা থানার পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছেন বলে জানা গেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ককটেল নিক্ষেপের পরপরই রায়পুর থানা পুলিশ ও পৌর ছাত্রদলের কয়েকজন সদস্য ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

থানার মতো গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন রায়পুর বাসী।