গভীর রাতে গরু চুরির চেষ্টা, স্থানীয়দের হাতে আটক যুবদল নেতা
ছবি: সংগৃহীত
নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে গভীর রাতে গরু চুরির চেষ্টাকালে এক যুবদল নেতাকে আটক করেছে স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) রাতের শেষ প্রহরে দক্ষিণ বেরুবন্দ গ্রামের আঃ আজিজ (ভেউল্লা)-এর বাড়ি থেকে গরু নিয়ে পালানোর সময় সন্দেহ হলে এলাকাবাসী ধাওয়া দেয়। এ সময় চোরচক্রের তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন কাছের একটি জলপাই গাছে উঠে আত্মগোপনের চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে গাছ থেকে নামিয়ে ধরে ফেলেন।
আটক ব্যক্তির নাম আব্দুল বাকী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই গরু চুরির ঘটনা ঘটছে এবং এর সঙ্গে রাজনৈতিক পরিচয়ধারী আরও কয়েকজন ব্যক্তি জড়িত থাকতে পারেন। স্থানীয়দের দাবি, এ সংক্রান্ত কিছু প্রমাণ ও নথিপত্র তাদের কাছে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “গরু চুরি এখানে নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবার একজনকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীরা চিহ্নিত হোক।”
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় উপজেলা যুবদল সভাপতি ও শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]