খুঁজুন
, ,

নরসিংদীর ৫টি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন দাখিল সম্পন্ন

মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান নরসিংদী জেলা প্রতিনিধি.
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
নরসিংদীর ৫টি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন দাখিল সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম দাখিল সম্পন্ন করেছেন।
দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় নির্ধারিত সময়ের মধ্যেই নরসিংদীর সবকটি আসনে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন হয়।
দলীয় নেতৃবৃন্দ এ সময় জানান, কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর প্রতিটি আসনে শক্ত অবস্থান নিয়ে নির্বাচনী মাঠে রয়েছে।
নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে—
নরসিংদী-১ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আশরাফ হুসাইন ভূইয়া দুপুরে নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব মুহসিন আহমেদ পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ ওয়ায়েজ হোসাইন ভূইয়া বিকেলে মনোনয়ন ফর্ম জমা দেন।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ প্রধান গতকাল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম দাখিল করেন।
এছাড়া নরসিংদী-৫ (রায়পুরা) আসনে কলরবের পরিচালক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা বদরুদ্দোজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে বিকেলে মনোনয়ন ফর্ম জমা দেন।
দলীয় সূত্রে আরও জানানো হয়, আগামীর দিনগুলোতে গণসংযোগ, জনসভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা হবে।

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

 

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

টেকনাফগামী মাইক্রোবাসে পুলিশের চেকপোস্টে অভিযান, জনপ্রতি ৭০ হাজার টাকায় মালয়েশিয়া পাঠানোর চুক্তি

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় যাত্রী বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আমির হোসেন (৩০), পিতা মাহমুদ আলী, দক্ষিণ শুকলালপাড়া (দালাল); মোহাম্মদ হোসেন (২৫), পিতা নুরুল মোস্তাফা; হুমায়ুন কবির (২৪), পিতা মামুনুর রশিদ; রহিম উদ্দিন (৩০), পিতা আরকান শরিফ; মো. আজম নুর (৩০), পিতা মো. নুরুল কাদের; মো. মিজান (৩০), পিতা নুরুন নবী; আবুল কাশেম (৩০), পিতা মৃত শফির আহমদ, ছনুয়া ইউনিয়ন, বাঁশখালী উপজেলা। এ ছাড়া মাইক্রোবাসের চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে। এ সময় গাড়িতে থাকা ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে এক ব্যক্তি দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে পেকুয়া চৌমুহনী এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন সংগঠক বা দালাল রয়েছেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

বাঁ থেকে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় বটতলা মোড়ে শোডাউন কর্মসূচিতে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ঘটায় দুইজন নিহত এবং বহু আহত হয়েছেন।

হত্যার শিকার হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ, বয়স ৪০, এবং যুবদলকর্মী সোহেল মোল্লা, বয়স ৪৫।

পুলিশ ও স্থানীয় সূত্রের মতে, শোডাউন ও বিক্ষোভের অংশ হিসেবে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন চালাচ্ছিলেন। তাদের বহর বটতলা মোড়ে পৌঁছালে অপরিচিত আক্রমণকারীরা হঠাৎ আক্রমণ চালায়, ফলে শাহিনুর ও সোহেল গুরুতর আহত হন।

স্থানীয় মানুষ দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলি এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, জড়িত ব্যক্তিদের ওপর তদন্ত চলছে। প্রাথমিক ধারণা অনুসারে, নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী গোষ্ঠীর সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

৭৬ দিন পর কারামুক্তি পেলেন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ।

শেখ মোরশেদ আলম জিসান গাজীপুর মাল্টিমিডিয়া রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
৭৬ দিন পর কারামুক্তি পেলেন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৭৬ দিন কারাভোগ শেষে বুধবার (১৮ নভেম্বর) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার আইনজীবী নাসের আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে পুলিশ সিফাতকে আটক করে। পরে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সিফাতের আইনজীবীরা দাবি করে আসছেন, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার মন্তব্যের কোনো উল্লেখ নেই। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাকে আগের একটি মামলায় জড়ানো হয়েছে।

এর আগে দুই দফায় সিফাতের জামিন আবেদন নাকচ হয়। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে সিফাতের আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। আদালতের জামিন আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার কারামুক্ত হন সিফাত আবদুল্লাহ।