খুঁজুন
, ,

নাসিরউদ্দিন পাটোয়ারী: স্পষ্টভাষিতা, বিতর্ক এবং নতুন রাজনীতির রূপরেখা

রহমান মৃধা, গবেষক ও লেখক, প্রাক্তন পরিচালক, ফাইজার, সুইডেন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
নাসিরউদ্দিন পাটোয়ারী: স্পষ্টভাষিতা, বিতর্ক এবং নতুন রাজনীতির রূপরেখা

আমি দূরপরবাসে থাকলেও তাকে আমি চিনি, যদিও কখনও চোখে দেখিনি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমার লিখালিখির সক্রিয় অংশগ্রহণের সময় আন্দোলনের সঙ্গে যুক্ত যারা ছিল তাদের মধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারী আমাকে আলাদাভাবে নজর কেড়েছিল। তার অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং মানুষের কল্যাণের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি তখনই স্পষ্ট হয়ে উঠেছিল। সেই দিনের মুহূর্ত থেকে সে আমার চোখে শুধুই একজন রাজনৈতিক নেতা নয়; সে এক অনন্য চরিত্র, যার প্রভাব কেবল আমার ব্যক্তিগত উপলব্ধিতে সীমাবদ্ধ নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সময়ের সঙ্গে প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে স্পষ্টভাষী নেতা বিরল। নাসিরউদ্দিন পাটোয়ারী সেই অদ্বিতীয় কণ্ঠ, যে সরাসরি, দৃঢ় এবং প্রায়শই বিতর্কিত বক্তব্য দেয়। তার ভাষা সমালোচনার জন্ম দেয়, সমর্থনও জন্মায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ঘাটতি ও সম্ভাবনার উভয়ই প্রতিফলন। এই প্রতিবেদনে আমি বিশ্লেষণ করেছি সে কীভাবে রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলছে, নতুন প্রজন্ম তাকে কীভাবে দেখছে এবং তার নেতৃত্ব কীভাবে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে নাসিরউদ্দিন পাটোয়ারী একটি আলোচিত নাম। তাকে কেউ দেখে দুর্নীতিবিরোধী আপসহীন কণ্ঠ হিসেবে, কেউ দেখে বিতর্কপ্রবণ রাজনীতিক হিসেবে। কিন্তু তাকে ঘিরে যে আলোচনা, তা কেবল ব্যক্তিকে নিয়ে নয়। এটি বাংলাদেশের রাজনৈতিক ভাষা, সংস্কৃতি ও কাঠামোগত সীমাবদ্ধতার গভীর প্রশ্নকে সামনে আনে।

স্পষ্টভাষিতা না অশ্লীলতা

পাটোয়ারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। সমালোচকদের বক্তব্য, তার ভাষা প্রায়ই তীব্র। সমর্থকদের দাবি, সে কেবল অপ্রিয় সত্য উচ্চারণ করে। এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে। কঠোর ভাষা ও অশালীনতা কি একই বিষয়? নাকি আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত, যেখানে তোষামোদ স্বাভাবিক এবং সরাসরি সমালোচনা অস্বস্তিকর?

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ব্যক্তিকেন্দ্রিক আনুগত্য প্রায়ই নীতিগত বিতর্ককে ছাপিয়ে যায়। ফলে শক্ত সমালোচনা সহজেই ব্যক্তিগত আক্রমণ হিসেবে ব্যাখ্যা পায়। এই প্রেক্ষাপটে পাটোয়ারীর ভাষা বিতর্ক সৃষ্টি করলেও তা রাজনৈতিক সংস্কৃতির অন্তর্নিহিত সংকটকেই উন্মোচন করে।

নতুন প্রজন্মের চোখে

নতুন প্রজন্ম তাকে একমুখীভাবে দেখছে না। এক অংশ তার স্পষ্টভাষিতাকে সাহস ও সততার প্রতীক মনে করে। দীর্ঘদিনের আপসকামী রাজনীতির মধ্যে তারা সরাসরি বক্তব্যে স্বস্তি খুঁজে পায়। বিশেষ করে সামাজিক মাধ্যমে তার বক্তব্য দ্রুত সাড়া তোলে।

অন্য অংশ মনে করে ভাষার তীব্রতা কখনো কখনো মূল নীতিগত আলোচনাকে আড়াল করে দেয়। তারা বক্তৃতার চেয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো দেখতে চায়। এই প্রজন্ম ফলাফলমুখী। তারা জানতে চায় পরিবর্তন কীভাবে মাপা হবে।

রাজনৈতিক ক্যারিয়ারের দ্বিমুখী বাস্তবতা

পাটোয়ারীর স্পষ্টভাষিতা তার শক্তি, আবার ঝুঁকিও।

ইতিবাচক দিক হলো, সে আলাদা রাজনৈতিক পরিচিতি গড়ে তুলেছে। দুর্নীতিবিরোধী অবস্থান তাকে দৃশ্যমান করেছে। তরুণদের একটি অংশ তার মধ্যে প্রতিবাদী নয়, সম্ভাব্য সংস্কারকের প্রতিচ্ছবি দেখে।

নেতিবাচক দিক হলো, যদি ভাষাই আলোচনার কেন্দ্রে থাকে তবে নীতিগত গভীরতা আড়ালে পড়তে পারে। জোটভিত্তিক রাজনীতিতে সমঝোতার প্রয়োজন থাকে। অতিরিক্ত তীব্রতা রাজনৈতিক সমীকরণকে কঠিন করে তুলতে পারে। আইনি ও প্রশাসনিক চাপের ঝুঁকিও থেকে যায়।

কাঠামোগত সংস্কারের প্রয়োজন

এই বিতর্ক ব্যক্তি নির্ভর নয়; এটি কাঠামোগত। কয়েকটি সংস্কার জরুরি।

প্রথমত, রাজনৈতিক আচরণবিধির স্পষ্ট সংজ্ঞা প্রয়োজন, যাতে কঠোর সমালোচনা ও ব্যক্তিগত অশালীনতার পার্থক্য নির্ধারিত হয়।
দ্বিতীয়ত, প্রমাণভিত্তিক বক্তব্যের সংস্কৃতি প্রতিষ্ঠা জরুরি। অভিযোগের সঙ্গে দলিল যুক্ত হলে ভাষা নয়, তথ্য আলোচনার কেন্দ্রে আসে।
তৃতীয়ত, স্বাধীন তথ্য যাচাই কাঠামো শক্তিশালী করা দরকার, যাতে গুজব ও বিকৃত বক্তব্য দ্রুত সংশোধিত হয়।
চতুর্থত, নির্বাচিত প্রতিনিধিদের জন্য রাজনৈতিক যোগাযোগ ও নৈতিক ভাষা ব্যবহারের প্রশিক্ষণ প্রয়োজন।
পঞ্চমত, সমালোচনার পাশাপাশি লিখিত নীতিপত্র ও বাস্তবায়ন রূপরেখা প্রকাশ করতে হবে।

সংসদে নতুন মানদণ্ডের প্রত্যাশা

বাংলাদেশের সংসদকে অনেক সময় নীতিগত গভীরতার ঘাটতির জন্য সমালোচনা করা হয়। এই প্রেক্ষাপটে পাটোয়ারীর মতো স্পষ্টভাষী ও কাঠামোগত পরিবর্তনের দাবি তোলা একজন নেতাকে সংসদে দেখতে চাওয়া ব্যক্তিপ্রশংসা নয়, বরং রাজনৈতিক সংস্কারের প্রত্যাশা।

সংসদে তার উপস্থিতি তাৎপর্যপূর্ণ হতে পারে যদি সে তিনটি বিষয় নিশ্চিত করতে পারে।

জবাবদিহিমূলক বিতর্কের সংস্কৃতি প্রতিষ্ঠা।
আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবায়ন কাঠামো নিয়ে সুস্পষ্ট আলোচনা।
তরুণ প্রজন্মকে দেখানো যে রাজনীতি সৃজনশীল, নীতিনির্ভর এবং মানুষের কল্যাণমুখী হতে পারে।

আমরা তাকে সংসদে দেখতে চাই যদি সে প্রমাণভিত্তিক রাজনীতি চর্চা করে, ভাষায় দৃঢ়তা ও শালীনতার ভারসাম্য বজায় রাখে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বদলে প্রাতিষ্ঠানিক সংস্কারকে অগ্রাধিকার দেয়।

বাংলাদেশের জন্য তার বার্তা

তার বক্তব্যে যে বার্তাগুলো ধারাবাহিকভাবে উঠে আসে তা হলো তোষামোদ নয়, জবাবদিহি; আইন প্রয়োগই রাষ্ট্রের শক্তি; দুর্নীতির বিরুদ্ধে আপসহীনতা; নাগরিক সাহসের চর্চা।

এই বার্তা যদি কেবল বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ পায়, তবে তা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

নাসিরউদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিতর্ক আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিপক্বতার পরীক্ষা। সে একই সঙ্গে আশার প্রতীক, বিতর্কের কেন্দ্র এবং সম্ভাব্য সংস্কারক। তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাহসকে কৌশলে রূপান্তর করা, ভাষাকে নীতিতে রূপান্তর করা এবং আবেগকে প্রাতিষ্ঠানিক পরিবর্তনে রূপান্তর করা।

আজ বাংলাদেশের রাজনীতি একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জনগণ ক্লান্ত প্রতিশ্রুতির পুনরাবৃত্তিতে, ক্লান্ত তোষামোদে, ক্লান্ত গুজবনির্ভর চরিত্রহননে। তারা এমন রাজনীতি দেখতে চায় যেখানে যোগ্যতা সম্মান পায়, সৃজনশীলতা মূল্য পায় এবং জবাবদিহি বাধ্যতামূলক হয়।

বাংলাদেশের রাজনীতিতে বহুবার দেখা গেছে অরাজনৈতিক, অপরিপক্ষ, পুঁজিবাদী, শিল্পপতি, ভ্যানগার্ড বা পরিবারভিত্তিক নেতারা, কখনও কখনও অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও রাজনীতিতে প্রবেশ করে। যেহেতু যোগ্য ব্যক্তি প্রায়শই রাজনীতিতে আসে না, তাই তারা আমলাতন্ত্রের কাছে হেরে যায়, প্রশাসনের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং নেতৃত্বের অভাব দেশের নীতি নির্ধারণ ও বাস্তবায়নে প্রভাব ফেলে। কিন্তু যদি শুরু থেকেই যোগ্য, ত্যাগী এবং দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবেশ করে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারীর উদাহরণ, তবে দেশের নীতি নির্ধারণে রাজনৈতিক দূরদর্শিতা তৈরি হয় এবং মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হয়। তার স্পষ্টভাষিতা, শালীন দৃঢ়তা এবং সমালোচনাকে সুসংগঠিত নীতিতে রূপান্তর করার ক্ষমতা যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের সঙ্গে মিলিত হয়, তবে সে কেবল আরেকজন বিতর্কিত নেতা নয়, বরং নতুন প্রজন্মের জন্য এক রাজনৈতিক মানদণ্ড হয়ে উঠতে পারে। এটি শেখাবে যে রাজনীতি মানে ক্ষমতা নয়, দায়িত্ব; ব্যক্তিপূজা নয়, প্রতিষ্ঠান; আবেগ নয়, প্রমাণ; এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, মানুষের কল্যাণ।

শেষ পর্যন্ত প্রশ্নটি একজন ব্যক্তিকে ঘিরে নয়। প্রশ্ন হলো আমরা কি সত্য গ্রহণ করার সাহস রাখি এবং আমরা কি এমন এক রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণের জন্য প্রস্তুত, যেখানে সততা ও সৃজনশীলতা কেবল স্লোগান নয়, রাষ্ট্রচর্চার ভিত্তি।

ব্যক্তিগতভাবে আমি বেশ কিছু দিন ধরেই ভেবেছি বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্বাচনের পর একটি শক্তিশালী বিরোধী দল থাকবে। তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে, তবে এবারের নির্বাচন আমাদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। আর সেটি আরও কার্যকর হবে যদি বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করে জবাবদিহিতা নিশ্চিত করে।

গত কয়েক মাসে নাসিরউদ্দিনের নির্বাচন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই দায়িত্বশীল রাজনৈতিক চর্চার একটি আভাস দেখেছি। এখন প্রশ্ন, সেই চর্চা কি প্রাতিষ্ঠানিক রূপ পাবে? ইতিহাসের এই সন্ধিক্ষণে সেটিই হবে আসল পরীক্ষা।

রহমান মৃধা, গবেষক ও লেখক, প্রাক্তন পরিচালক, ফাইজার, সুইডেন
rahman.mridha@gmail.com

১,৩৪৪ সাংবাদিককে ৬.৪৮ কোটি টাকা কল্যাণ অনুদান: তথ্য প্রতিমন্ত্রীর বিবরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
১,৩৪৪ সাংবাদিককে ৬.৪৮ কোটি টাকা কল্যাণ অনুদান: তথ্য প্রতিমন্ত্রীর বিবরণ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ১২ নভেম্বর ২০২৬ তারিখে জানিয়ে বলেছেন যে, বর্তমান সরকারের সময়কালে ১,৩৪৪ জন সাংবাদিককে মোট ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে। একই সময়ে ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

এই তথ্যটি জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিরের লিখিত প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ২০১৪ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে এবং ২০১৬ সালের ১৩ এপ্রিল তার বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে মৃত্যুর, গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা ও আর্থিক অসচ্ছলতার ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুযায়ী অনুদান প্রদান করা হয়। এছাড়া, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী জানান, করোনাকালীন সংকট, জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদানেও উদ্যোগ নেওয়া হয়েছে। অনুদান প্রদান প্রক্রিয়া ট্রাস্টের বিধিমালা অনুসারে আবেদন যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে সম্পন্ন হয়; বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ প্রদান করা হয়।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকারের অধীনে ১,৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে; পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থীকে মোট ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে মোট ১৯,৩২১ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা, শিক্ষাবৃত্তি, স্টাইপেন্ড, করোনাকালীন সহায়তা, জুলাই শহীদ ও সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং সম্মাননা সহ মোট ৬৭ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের মোকাবিলায় পিআইবির ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলাফ্যাক্ট’ এখন পর্যন্ত ১,১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও/রিল প্রকাশ করেছে, যার মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৫৫২টি প্রকাশিত হয়েছে। বাংলাফ্যাক্ট ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করেছে এবং প্রোপাগান্ডা ও অপতথ্য ছড়ায় ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স-অ্যাকাউন্ট শনাক্ত করেছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাফ্যাক্ট বর্তমানে দৈনিক গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে এবং শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়া পিআইবির প্রশিক্ষণ বিভাগ তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মোট ১,৬৯১ জনকে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফ্যাক্টচেকিং বিষয়ক সেশন প্রদান করেছে; এই প্রশিক্ষণ দেশের প্রতিটি জেলায় ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

গুজব মোকাবিলার জন্য, গত ৮ এপ্রিল থেকে শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকালে দৈনিক পত্রিকার মুদ্রিত ও অনলাইন সংস্করণ, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর গুজব যাচাই করা হচ্ছে। তথ্য অধিদফতরের গঠিত কমিটি এই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

শেষে, নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশিত হলেও, আয়কর প্রদান সংক্রান্ত মতপার্থক্য ও চলমান মামলার কারণে সম্পূর্ণভাবে কার্যকর করা যায়নি; তবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং কিছু প্রতিষ্ঠান রোয়েদাদ বাস্তবায়ন করেছে।

মুন্সিগঞ্জে বিএনপি দুই গোষ্ঠীর মধ্যে দফা‑দফা সংঘর্ষে ১০ জন আহত, চারজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
মুন্সিগঞ্জে বিএনপি দুই গোষ্ঠীর মধ্যে দফা‑দফা সংঘর্ষে ১০ জন আহত, চারজন গুলিবিদ্ধ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রেক্ষাপটে মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে দফা‑দফা হামলা ও সংঘর্ষ ঘটে। ঘটনার শুরুর সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবিদ্ধের মাধ্যমে পাঁচজন গুলিবিদ্ধ এবং অন্তত দশজন আহত হন।

সংঘর্ষটি গতকাল সন্ধ্যা ১১:৩০ টা থেকে আজ সকাল পর্যন্ত চলেছে। গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে: বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সরদার (২৫) ও দিদার সরদার (৫০)। তারা ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লার সমর্থক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পক্ষের আহতদের নাম ও পরিচয় প্রকাশিত হয়নি।

মোল্লাকান্দি ইউনিয়নে দুটি বিএনপি গোষ্ঠী সক্রিয়। এক গোষ্ঠীর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক এবং ফ্রান্সপ্রবাসী নেতা রহিম মোল্লা আছেন। অন্য গোষ্ঠীর নেতৃত্বে সদর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ এবং সাবেক সহসভাপতি আওলাদ হোসেন রয়েছেন। আসন্ন ইউপি নির্বাচনে এক গোষ্ঠী আওলাদ হোসেনকে এবং অন্য গোষ্ঠী রহিম মোল্লাকে চেয়ারম্যান পদে সমর্থন দেবে।

স্থানীয় সূত্রের মতে, রাতের হামলায় আওলাদ হোসেনের সমর্থকরা নোয়াদ্দা এলাকায় চারজন গুলিবিদ্ধ করেন, যার পর রহিম মোল্লার সমর্থকরা চরডুমুরিয়া বাজারে ককটেল বিস্ফোরণ করে প্রতিক্রিয়া জানায়। এরপর কংসপুরা, সামারচর ও মোল্লাকান্দি গ্রামগুলোতে পাল্টা হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলিবিদ্ধের ঘটনা ধারাবাহিকভাবে ঘটতে থাকে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর জানিয়েেছেন, দেড়টার দিকে চারজন এবং সকাল সাতটার দিকে আরেকজন পিলেটবিদ্ধ (ছোট গুলি) অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রহিম মোল্লার গোষ্ঠীর যুবদল সভাপতি মো. জিয়াউর রহমানের মতে, ককটেল বিস্ফোরণ ঘটার পর তাদের লোকজন নোয়াদ্দা শিকদারবাড়ির সেতুর সামনে গিয়েছিলেন, যেখানে রিফাত হালদার গুলি করে চারজনকে গুলিবিদ্ধ করেন। ভোরে আবার গুলিবিদ্ধ ও ককটেল বিস্ফোরণ ঘটার অভিযোগ রয়েছে।

আওলাদ হোসেনের গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাকির হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, রহিম মোল্লার লোকজন ২১ দিন আগে গ্রামে ফিরে এসেছে এবং এরপর থেকে তাদের প্রতি হুমকি ও মারধর করা হচ্ছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, পরবর্তী সংঘর্ষ রোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ 

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (COP‑31) বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সদস্য হিসেবে ফরিদপুরের মধুখালীর জুট ব্যবসায়ী আবুল বাশার খান অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে তার উপস্থিতি প্রকাশের পর ফরিদপুর‑১ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

বিএনপি নেতারা অভিযোগ করেন, আবুল বাশার খান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। তারা দাবি করেন, সরকারের অধীনে তিনি ব্যবসা‑বাণিজ্যের সুবিধা গ্রহণ করে আসছেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়নের ফরম সংগ্রহে জড়িত ছিলেন।

গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি নেতারা বলেন, ওই নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর ভোটের সমীকরণে প্রভাব ফেলতে কৌশলী ভূমিকা রাখেন, যার ফলে ফরিদপুর‑১ আসনে বিএনপি প্রার্থীর পরাজয়ে তার অংশ ছিল।

মধুখালী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপি সভাপতি হায়দার আলী মোল্লা, এবং অন্যান্য স্থানীয় নেতা ও স্বেচ্ছাসেবক দল সদস্যরা একত্রে প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার আগে আবুল বাশার খানের রাজনৈতিক ও সংগঠনিক পটভূমি যথাযথভাবে যাচাই করা উচিত ছিল। তারা জোর দেন, এমন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধি দলের সদস্য নির্বাচন প্রক্রিয়ায় যথাযথ পর্যালোচনা না করা সমস্যাজনক।

বিএনপি নেতারা আরও উল্লেখ করেন, তিনি এখনও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন এবং তার এই অবস্থানকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্যবহার করা উচিত নয়। ফলে, তারা প্রধানমন্ত্রীকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

আবুল বাশার খানের সঙ্গে ফোনে যোগাযোগের বহু প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।