নির্বাচন এলেও নদীর পাশে কেউ নেই—ত্রয়োদশ ভোটের তিস্তা হতাশা।
উত্তরের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা তিস্তা নদীকে ঘিরে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা আজও বাস্তবায়নের মুখ দেখেনি। সময়ের পরিক্রমায় সরকার বদলেছে, আন্দোলন হয়েছে, প্রতিশ্রুতি এসেছে তবু জাতীয় নির্বাচনের আগেও আলোর মুখ দেখল না এই মহাপরিকল্পনা। ফলে হতাশা আর অনিশ্চয়তাই যেন তিস্তা পাড়ের মানুষের নিত্যসঙ্গী। বিগত সরকারের প্রতিশ্রুতি, বাস্তবায়নের শূন্যতা,পূর্ববর্তী সরকার আমলে তিস্তা নদী ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষ্যে একটি বৃহৎ মহাপরিকল্পনার ঘোষণা আসে।
নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়ানোর স্বপ্ন দেখানো হয় উত্তরাঞ্চলের মানুষকে। এমনকি চীনা অর্থায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় বিভিন্ন সময়ে। কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা, সিদ্ধান্তহীনতা এবং অগ্রাধিকার সংকটে সেই পরিকল্পনা কাগজেই সীমাবদ্ধ থেকে যায়।
বিগত দিনের ন্যায় আবারও রাজনীতি ও জনগণের সাথে খেলা চালানো হয়েছে এমন অভিযোগ উঠেছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। উপদেষ্টা রিজওয়ানা আগেই আশ্বাস দিয়েছিলেন যে, ৫ মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে। তবে সময় পেরিয়ে গেছে, নির্বাচনের প্রাক্কালে মানুষ এখনো বাস্তব পরিবর্তন দেখতে পাচ্ছে না।
তিস্তা আন্দোলন ও রক্ষা কমিটির ভূমিকা
এই দীর্ঘসূত্রতার প্রতিবাদে গড়ে ওঠে তিস্তা আন্দোলন ও রক্ষা কমিটি। নদীভাঙন, খরায় পানির অভাব এবং বর্ষায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বর তুলে ধরে সংগঠনটি।
দফায় দফায় মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপির মাধ্যমে তারা দাবি জানায়
“তিস্তা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি বাঁচা-মরার প্রশ্ন।
তবে আন্দোলন থাকলেও কাঙ্ক্ষিত অগ্রগতি আজও দৃশ্যমান হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নতুন প্রত্যাশা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিস্তা মহাপরিকল্পনা আবারও আলোচনায় আসে। নতুন করে আশার আলো দেখলেও বাস্তব সিদ্ধান্ত, বাজেট বরাদ্দ কিংবা স্পষ্ট রোডম্যাপ এখনও ঘোষণা হয়নি।
জাতীয় নির্বাচনের আগে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে এমন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। নির্বাচন এলেও এল না তিস্তার সুখবর নির্বাচনের মাঠে তিস্তা আবারও রাজনৈতিক বক্তব্যের অংশ হয়েছে। বিভিন্ন দল উত্তরাঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার কথা বললেও বাস্তব উন্নয়ন পরিকল্পনা কার্যকরের ঘোষণা নেই। ফলে তিস্তা পাড়ের মানুষ প্রশ্ন তুলছেন ‘প্রতিবার ভোট আসে, প্রতিশ্রুতি আসে কিন্তু তিস্তার দিন বদলায় না কেন? অনিশ্চিত ভবিষ্যৎ, অটুট দাবি
তিস্তা পাড়ের বাসিন্দা আনসার আলী বলেন, সরকার যায় সরকার আসে কিন্তু আমাদের তিস্তা পাড়ের দুর্দশার অবসান কখনই ঘটে না, ভেবেছিলাম দেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি বাস্তবায়িত পাবো কিন্তু ঐ যে একটা কথা আছে, দুঃখ যার জীবন সাথী তার আবার সুখ কিসের। বর্তমান অন্তর্বর্তী সরকার তারাও আশ্বাস দিয়ে গেল কিন্তু সেটিও বাস্তবায়িত হলো না।
বিশেষজ্ঞদের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি ও পরিবেশে যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর সিদ্ধান্ত ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব। তিস্তা আজও অপেক্ষায়।প্রতিশ্রুতি থেকে বাস্তবতায় যাওয়ার,
রাজনীতি থেকে পরিকল্পনায় ফেরার,
আর দীর্ঘ ধোঁয়াশা কাটিয়ে জীবনের নদী হয়ে ওঠার।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]