ফরিদপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফরিদপুরের নগরকান্দায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অপর যুবককে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউ
নিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী থেকে একটি নাম্বারবিহীন অ্যাপাচি মোটরসাইকেলে করে ইব্রাহিম ও রাজন ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে নারানখালী ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা রাজন ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক ইব্রাহিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়িটিতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ খবরের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, রাতে নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রাখা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রক্ষিতে মরদেহগুলো আজ ভোরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]