খুঁজুন
, ,

বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দলের দুই গোষ্ঠীর মধ্যে দফা‑দফা সংঘর্ষ, গোলা ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় সংঘর্ষে সেলিম নামের এক ব্যক্তি নিহত হন; তার দেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক মৃত্যুর ঘোষণা করেন।

সংঘর্ষে জড়িত দুই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা এবং মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা। উভয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের মতে, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের ধারাবাহিকতা হিসেবে গত সপ্তাহেও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এইবারের হিংসা চরডুমুরিয়া, সামারচরসহ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে যায়, একের পর এক ককটেল বিস্ফোরণ ও গোলার শব্দে আতঙ্ক ছড়ায়। গুরুতর আহত কয়েকজনকে একই হাসপাতালে নেওয়া হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, দুই গোষ্ঠীর মধ্যে নিয়ন্ত্রণের জন্য সংঘর্ষ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের

গোপালগঞ্জ জেলাতে ১০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর নেতৃত্বে ধারাবাহিক সহিংস হামলা ঘটেছে। তিনটি সংসদ সদস্যের বাড়ি, প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, দুইটি থানা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কাঠামো এবং ১৫‑২০টি বিএনপি কার্যালয়সহ গ্রামীণ ব্যাংকের আট‑দশটি শাখা পুড়িয়ে ও ভাঙচুরের শিকার হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই ক্ষয়ক্ষতি কয়েকশ কোটি টাকার মূল্যমানের।

হাসপাতালে আক্রমণ ও অগ্নিসংযোগের ফলে চিকিৎসা সেবা বিঘ্নিত হয়েছে, আর সরকারি সম্পত্তির ধ্বংসে জনসেবা ও অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব পড়েছে। জেলা প্রশাসন নথিতে এই ঘটনাগুলোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনকে দায়ী করেছে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত বিবৃতিতে তাত্ক্ষণিকভাবে ৮টি দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে সব বন্ধ থানা পুনরায় চালু করা, জেলা থেকে বিজিবি সদস্যদের প্রত্যাহার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করা, ট্রেন চলাচল পুনরায় শুরু করা, উন্নয়ন ও নাগরিক সেবার কোনো বৈষম্য না করা, রাজনৈতিক ও নাগরিক বিরোধী মামলাগুলোর দ্রুত পর্যালোচনা ও প্রত্যাহার, সাব‑রেজিস্ট্রার অফিসের পুনরায় খোলা এবং ব্যাংক লেনদেন সংক্রান্ত মিথ্যা তথ্যের সংশোধন।

জেলা আওয়ামী লীগ এই দাবিগুলোর ত্বরিত বাস্তবায়ন দাবি করে, যাতে গোপালগঞ্জের নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা ও নাগরিক অধিকার নিশ্চিত হয়।

ফটিকছড়িতে রায়হানের ব্যবহৃত পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার

মোহাম্মদ আবির হোসেন (এমটিভি বাংলা চট্টগ্রাম)
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
ফটিকছড়িতে রায়হানের ব্যবহৃত পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার

 

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় শীর্ষ সন্ত্রাসী রায়হানের অবস্থানের তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপারদের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

গত ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ছিল অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ। পুলিশের প্রাথমিক ধারণা, ওই এলাকায় রায়হান ও তার সহযোগীরা অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অন্যত্র সরে যায়।

একই দিন সন্ধ্যায় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় রায়হান ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। ঘটনার পর রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা।

এরপর রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেন।

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৫ নভেম্বর ভূজপুর থানাধীন কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদ (২০) নামে আরেক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তথ্যের ভিত্তিতে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মহররম আলী (২৮) নামে আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, রায়হান আত্মগোপনে থাকার সময় ওই অস্ত্র ও গুলি মহররম আলীর কাছে রেখে যায়।

এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে (৬৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও সেটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার ছয়জন হলেন— মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।

পুলিশের উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, পিস্তলের দুটি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড গুলি ও কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের আমীর মাওলানা আঃ আওয়াল।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপতৎপরতা বন্ধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আঃ হাই এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আঃ আলিম,জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম ও ছগির আহম্মেদ, মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন,শহর শিবিরের সভাপতি উবাইদুল্লাহ খান, জেলা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।