ঝিনাইদহে শিবির নেতা সোহানের গুম-খুনের স্মৃতি, গ্রেপ্তার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন
ঝিনাইদহের কালীগঞ্জের তরুণ ইসলামী ছাত্রশিবির কর্মী মহিউদ্দিন সোহান। ২০১৬ সালে নিখোঁজ হওয়ার ১০ দিন পর চুয়াডাঙ্গায় মিলেছিল তাঁর গুলিবিদ্ধ মরদেহ। প্রায় এক দশক পর নতুন করে আলোচনায় এসেছে সেই ঘটনা। এর মধ্যেই ভারতের মাটিতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে। ওয়ারী গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
গ্রেপ্তার ডরিনের বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে তাঁর বন্ধু কলকাতার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে বিষয়টি সামনে আসে। বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে ভারতীয় পুলিশ জানায়, কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনোয়ারুল আজীম আনারকে। এ ঘটনায় কলকাতায় মামলা হয়।
বাবার হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায়ও মামলা করেছিলেন মেয়ে ডরিন। বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও হত্যাকারীদের বিচার দাবিতে সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও দৌড়ঝাঁপ করতে দেখা যায় তাঁকে। সেই ডরিনকেই এবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডরিনের গ্রেপ্তারের খবরের মধ্যেই ঝিনাইদহের কালীগঞ্জের ইসলামী ছাত্রশিবির কর্মী মহিউদ্দিন সোহানের গুম ও মৃত্যুর ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ১৯৯৫ সালের ১০ জুলাই কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঈশ্বরবা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মহাসিন মিয়া ও মা শাহানাজ পারভীনের তিন সন্তানের মধ্যে বড় ছিলেন সোহান। শহীদ নূর আলী কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী সোহান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন। সাংগঠনিক জীবনে উপশাখা সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। পরিবারের বর্ণনা অনুযায়ী, চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন সোহানের মা। তাঁকে আনতে ছোট ভাই মাসুদকে সঙ্গে নিয়ে কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা জামতলা এলাকায় অপেক্ষা করছিলেন সোহান।
এ সময় একটি ইজিবাইকে আসা চার ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। উপস্থিত লোকজন বাধা দিতে গেলে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলে পরিবারের অভিযোগ। সোহান নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে মায়ের কাছে একটি চিরকুট পাঠান। সেখানে লেখা ছিল,মা আমার সালাম নিবে। আমি চলে গেলাম, যদি কখনো বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে আর যদি না ফিরে আসি, তাহলে দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। তুমি আমার জন্য দোয়া কর। চিরকুটে কলেজের শিক্ষকদের বিষয়টি জানানো এবং তৎকালীন সংসদ সদস্যের সুপারিশ নেওয়ার কথাও উল্লেখ ছিল। পরিবারের দাবি, তাঁরা সংসদ সদস্যের কাছে সুপারিশ চাইতে গেলে তা প্রত্যাখ্যান করা হয়।
দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর ২১ এপ্রিল ২০১৬ তারিখে চুয়াডাঙ্গার খাড়াগুদা পুলিশ ফাঁড়ির প্রায় ৫০০ গজ উত্তরে সোহানের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় বলে তাঁর সংরক্ষিত জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, তাঁর বাম চোখে গুলি করা হয়েছিল, যা মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। হত্যাকাণ্ডের জন্য পুলিশের দায়ের অভিযোগও ওই বিবরণে রয়েছে।
পরিবারের স্মৃতিচারণে উঠে এসেছে, সোহান ছিলেন ধর্মীয় অনুরাগী ও মানবিক গুণাবলিসম্পন্ন এক তরুণ। অসুস্থ প্রতিবেশীর ওষুধ কেনার জন্য নিজের টাকা দিয়ে দেওয়া, দরিদ্র কৃষকের পাকা ধান বন্ধুবান্ধব নিয়ে কেটে দেওয়া, ঝড়ের দিনে গাছের নিচে চাপা পড়া এক সেনাসদস্যকে উদ্ধার করা এবং অসুস্থ মানুষের সেবা করার মতো নানা ঘটনায় জড়িত ছিলেন তিনি।
সোহানের মা জানিয়েছেন, নামাজের প্রতি তাঁর ছেলের ছিল গভীর অনুরাগ। ছোট ভাই ঘুমিয়ে পড়লে তাকে কোলে করে মসজিদে নিয়ে যেতেন। নিজের পছন্দের নতুন সোয়েটারও এক শীতে অভাবী শিশুকে দিয়ে দিয়েছিলেন। এমন অসংখ্য স্মৃতি আজও তাঁর পরিবারকে আবেগাপ্লুত করে। একদিকে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিনের গ্রেপ্তার, অন্যদিকে কালীগঞ্জের তরুণ শিবিরকর্মী মহিউদ্দিন সোহানের গুম ও গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনা,দুটি পৃথক ঘটনা হলেও নতুন করে ঝিনাইদহের রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায় আলোচনায় এসেছে।##

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]