খুঁজুন
, ,

ভূরুঙ্গামারীতে ৬ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ, গ্রাম্য শালিসে লক্ষ টাকায় ধামাচাপা চেষ্টা

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে ৬ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ, গ্রাম্য শালিসে লক্ষ টাকায় ধামাচাপা চেষ্টা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এক মাস আগে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে একই এলাকার ৫০ ঊর্ধ্ব বয়সী বিশু মিয়ার বিরুদ্ধে। গত নভেম্বরের মাঝামাঝি সময়ে এই নৃশংস ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অভিযুক্ত বিশু মিয়া শিশুটিকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকায় তিনি শিশুটির প্যান্ট খুলে তাকে শুয়ানোর চেষ্টা করলে শিশুটি চিৎকার করে ওঠে। এ সময় অভিযুক্ত তাকে কাউকে কিছু না বলতে ৫ টাকা দেয়। শিশুটি টাকা ফেলে দিয়ে কান্নাকাটি করতে করতে ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে এসে দাদি ও মায়ের কাছে সব খুলে বলে।

অভিযুক্ত বিশু মিয়া শিশুটির বাবার মিজানুরের সম্পর্কে চাচা, অর্থাৎ শিশুটির দাদা সম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুটির পরিবার অত্যন্ত দরিদ্র ও অসহায়। ঘটনার সময় শিশুটির বাবা বাড়িতে না থাকায় মা পারভীন বেগম থানায় অভিযোগ দায়ের করতে গেলেও কোথায় কীভাবে মামলা করতে হয় তা বুঝে উঠতে পারেননি। পাশাপাশি সামাজিক সম্মানহানির ভয়ও তাকে দমিয়ে রাখে।

ঘটনাটি ধীরে ধীরে এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় কিছু স্থানীয় ব্যক্তিরা শিশুটির পরিবারকে মামলা না করে গ্রামেই বিচার করার আশ্বাস দেন এবং মামলা করলে টাকা নষ্ট হবে বলে নিরুৎসাহিত করেন।

এরপর পাইকেরছড়া ইউনিয়নের গ্রাম পুলিশ চান মিয়া ও তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শিউলি খাতুনের বাড়িতে একটি শালিস বৈঠক বসে। ঐ বৈঠকে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ ইউনিয়নের সাবেক সদস্য নুরু, বর্তমান সদস্য হ্যাপি ও মহিলা সদস্য শিউলি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

শালিসে উপস্থিত অনেকেই অভিযুক্ত বিশু মিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। কেউ ফাঁসি, কেউ ইসলামী আইনে শাস্তি এবং কেউ পুলিশে সোপর্দ করার দাবি তোলেন। তবে বৈঠকে কয়েকজন মিলে একটি জুরি বোর্ড গঠন করে অভিযুক্তের বিরুদ্ধে ৮০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভুক্তভোগী শিশুটির পরিবার ঐ টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে আইনগত বিচার দাবি করলে অভিযুক্ত বিশু মিয়াকে গ্রাম পুলিশ ও স্থানীয় ২-১ জন ব্যক্তি জুতাপিটা করে। স্থানীয় চাপের মুখে শিশুটির বাবা আপোষে বাধ্য হন। যদিও শিশুটি, তার মা ও দাদি এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, তবুও ভয়ে চুপ করে থাকেন।

পরবর্তীতে শিশুটির পরিবার ৮০ হাজার টাকা নিতে রাজি না হওয়ায় স্থানীয় নেতারা অভিযুক্তের থেকে ৭০ হাজার টাকা আদায় করেন। এই টাকা এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের কাজে ব্যয় করা হয়েছে বলে জানা যায়।

এদিকে এলাকায় গুঞ্জন উঠেছে, পুরো ঘটনাটি ধামাচাপা দিতে প্রায় ৫ লাখ টাকা লেনদেন হয়েছে। বিষয়টি এলাকাবাসীর মুখে মুখে আলোচিত।

ভুক্তভোগী শিশুটি জানায়, তাকে বিশু দাদা বাড়িতে ডেকে নিয়ে প্যান্ট খুলে শুয়াইলে চিৎকার করে উঠলে ছেড়ে দেয় এবং ৫ টাকা দিয়ে কাউকে বলতে না করে। সে টাকা ফেলে চলে এসে তার দাদি ও মায়ের কাছে বলে। সে চায় পুলিশ অভিযুক্ত বিশুকে ধরে নিয়ে যাক এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

শিশুটির মা ও দাদি বলেন, “আমরা টাকা নেইনি, আমরা বিচার চেয়েছি। আমাদের বড় মেয়েকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে ঘটনাটি নাকি তার সঙ্গে হয়েছে। এতে আমাদের মানসম্মান একেবারে শেষ হয়ে গেছে। আমরা চাই অভিযুক্তের কঠোর শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।”

অভিযুক্ত বিশু মিয়ার স্ত্রীর নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ রকম কোনো ঘটনা হয়নি। আরো জানতে চাইলে কোন কথার উত্তর না দিয়ে চলে যায়।

এ বিষয়ে গ্রাম পুলিশ চান মিয়া বলেন, “বিচার আমার বাড়িতে হয়েছে তৃতীয় পক্ষ হিসেবে। সেখানে ফাঁসি ও পুলিশের কাছে দেওয়ার দাবি উঠেছিল। পরে স্থানীয়রা টাকা দিয়ে মিমাংসা করে। তবে মেয়ে পক্ষ টাকা নেয়নি। আমি থানায় অভিযোগ করতে বলেছিলাম। পাঁচ লাখ টাকা লেনদেনের কথা আমিও শুনেছি, কিন্তু কে নিয়েছে জানি না।” চেয়ারম্যান বিচারে ছিলেন না তবে বিষয়টি জানেন ও প্রতিনিধি হিসেবে পরিষদের হেপি মেম্বার এবং সাবেক নুরু মেম্বার ছিলেন।

ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম হ্যাপি বলেন, “বিচারে আমি উপস্থিত ছিলাম, তবে ধর্ষণের ঘটনা হয়নি চেষ্টা করেছে এমন অভিযোগ উঠে। বিচারিক প্রক্রিয়া সঠিক না হওয়ায় জুরি বোর্ডে থাকিনি। পরে শুনেছি অভিযুক্তের কাছ থেকে নেওয়া টাকার ১৫ হাজার মসজিদে ও পানি নিষ্কাশনের কাজে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে।”

পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, “আমি ওই বিচারে উপস্থিত ছিলাম না এবং বিষয়টি সম্পর্কে অবগত নই। ধর্ষণের মতো অপরাধের বিচার গ্রাম পুলিশ বা জনপ্রতিনিধিদের করার এখতিয়ার নেই। এটি সম্পূর্ণ আদালতের বিষয়।”

এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে এবং অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভিতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

তিনি আরো জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে রবিবার রাত ১২:৩০ টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হলেও কোনো বড় ক্ষতি না হয়ে, শুধুমাত্র সিঁড়িতে সামান্য দাগ রয়ে গিয়েছে।

ঘটনা স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে। খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানালেন, দুইজন যুবক একটি মোটরসাইকেলে এসে বোমা নিক্ষেপের পর দ্রুত পালিয়ে গেছেন।

বোমা বিস্ফোরণের পর কিছুক্ষণ আগুন জ্বলে উঠলেও তা স্বয়ংক্রিয়ভাবে নিভে যায়। সিটি করপোরেশনের কর্মীরা জানান, ক্যামেরা ফুটেজে বোমা ছোড়া এবং বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে।

পুলিশ বর্তমানে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তদন্ত চালাচ্ছেন এবং আইনগত ব্যবস্থা নেবে। ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশিত হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালীকে। তবে বিস্ময়কর বিষয় হলো, মামলার ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তার মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৯ মার্চ মারা যাওয়া এই ব্যক্তির নাম মামলার এজাহারে রয়েছে ২১৯ নম্বর আসামি হিসেবে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

মামলার নথি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ সামচু ঢালীর মৃত্যু হয়। অথচ গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর একটি ফৌজদারি মামলার আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

 

জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বর আসামি হিসেবে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

ঘটনার আগেই মারা যাওয়া একজন ব্যক্তির নাম কীভাবে মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় থাকার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। একটি পোস্টে বিদ্রূপ করে বলা হয়েছে, দলের প্রতি তার নিবেদন এতটাই ছিল যে আন্দোলনের খবর পেয়ে কবর থেকে উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। এমনকি মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেছেন বলেও ব্যঙ্গ করা হয়েছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

 

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’