খুঁজুন
, ,

মজিব বেপারীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাত ও কুরআন শরীফ–কম্বল বিতরণের মাধ্যমে স্মরণ

তিতাস ( কুমিল্লা ) প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
মজিব বেপারীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাত ও কুরআন শরীফ–কম্বল বিতরণের মাধ্যমে স্মরণ
তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও পূর্ব পাড়া (বেপারী বাড়ি) এলাকায় মরহুম মজিব বেপারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন শরীফ ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় সাংবাদিক আব্দুর রহিমের বাড়িতে অবস্থিত জনতা টিভির দোতলা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া শেষে দুঃস্থদের মাঝে কুরআন শরীফ ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ও জনতা টিভি অনলাইন সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি ও তিতাস উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাক পত্রিকার তিতাস প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক।
দৈনিক সমকাল প্রতিকার বাঞ্ছারামপুর প্রতিনিধি আমজাদ সজল,দৈনিক খবর পত্রিকার হোমনা প্রতিনিধি এম এ কাশেম ভূইয়া,দৈনিক আমার দেশ পত্রিকার তিতাস প্রতিনিধি জুয়েল রানা, সাংবাদিক বিল্লাল মোল্লা, সাংবাদিক সাগর মুন্সি,কামরুল চৌধুরী, দৈনিক গণমুক্তির পত্রিকা তিতাস প্রতিনিধি নাঈম সরকার,মোঃ মাসুম, মোঃ হানিফ,
এছাড়াও উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অহিদ খান মোহাম্মদ জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে সাংবাদিক আব্দুর রহিম বলেন, তাঁর মরহুম পিতা মজিব বেপারী চৌমুহনী, নোয়াখালীতে দীর্ঘদিন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় তিতাস উপজেলার অনেক মানুষ তাঁর বাবার সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। ব্যবসায়িক সততা, মানবিকতা ও বিশ্বস্ততার কারণে তিনি সবার কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
তিনি আরও বলেন, পিতার আদর্শ ও শিক্ষা অনুসরণ করেই এ মানবকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মরহুম পিতার স্মরণে আরও বৃহৎ পরিসরে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত সকলের কাছে তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে মরহুম মজিব বেপারীর আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভিতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

তিনি আরো জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে রবিবার রাত ১২:৩০ টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হলেও কোনো বড় ক্ষতি না হয়ে, শুধুমাত্র সিঁড়িতে সামান্য দাগ রয়ে গিয়েছে।

ঘটনা স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে। খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানালেন, দুইজন যুবক একটি মোটরসাইকেলে এসে বোমা নিক্ষেপের পর দ্রুত পালিয়ে গেছেন।

বোমা বিস্ফোরণের পর কিছুক্ষণ আগুন জ্বলে উঠলেও তা স্বয়ংক্রিয়ভাবে নিভে যায়। সিটি করপোরেশনের কর্মীরা জানান, ক্যামেরা ফুটেজে বোমা ছোড়া এবং বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে।

পুলিশ বর্তমানে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তদন্ত চালাচ্ছেন এবং আইনগত ব্যবস্থা নেবে। ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশিত হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালীকে। তবে বিস্ময়কর বিষয় হলো, মামলার ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তার মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৯ মার্চ মারা যাওয়া এই ব্যক্তির নাম মামলার এজাহারে রয়েছে ২১৯ নম্বর আসামি হিসেবে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

মামলার নথি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ সামচু ঢালীর মৃত্যু হয়। অথচ গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর একটি ফৌজদারি মামলার আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

 

জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বর আসামি হিসেবে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

ঘটনার আগেই মারা যাওয়া একজন ব্যক্তির নাম কীভাবে মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় থাকার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। একটি পোস্টে বিদ্রূপ করে বলা হয়েছে, দলের প্রতি তার নিবেদন এতটাই ছিল যে আন্দোলনের খবর পেয়ে কবর থেকে উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। এমনকি মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেছেন বলেও ব্যঙ্গ করা হয়েছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

 

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’