মামলা জটিলতায় কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থী এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল
কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত এইচ এম হামিদুর রহমান আযাদ মনোনয়ন যাচাইয়ের সময় প্রয়োজনীয় ও উপযুক্ত নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। এর আগে বিষয়টি যাচাইয়ের জন্য তার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। আপিলের সময় যথাযথ কাগজপত্র দাখিল করলে প্রার্থিতা পুনর্বিবেচনার সুযোগ পাবেন তিনি।
এদিকে, কক্সবাজার-২ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে গোলাম মাওলা নামে আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মনোনয়ন বাতিলের ঘটনায় সংশ্লিষ্ট রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে প্রার্থীদের ভবিষ্যৎ।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]