খুঁজুন
, ,

মিরপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন, ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমীরের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
মিরপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন, ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমীরের

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়।”

তিনি আরও বলেন, প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে। তার ভাষায়, “প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাহলে আমরা করব ইনশাআল্লাহ।”

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, “নিশ্চয়ই সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না।” একই সঙ্গে অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক, অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।”

তিনি অভিযোগ করেন, “সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে।” পাশাপাশি রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধাসহ অনেকে।

দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার

দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের ইউসুফপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পীর মহেশপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পাভেলসহ সঙ্গীয় ফোর্স তাঁকে গ্রেপ্তার করে। নুরুল ইসলাম ওই গ্রামের জয়দল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ১ আগস্ট কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউসুফপুর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় পরদিন ২ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে দেবিদ্বার থানায় একটি মামলা করা হয়। মামলায় ২৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। ওই মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম হৃদয়।
সংগঠনের প্রকাশিত কমিটির তালিকায় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম হৃদয়ের নাম উল্লেখ করা হয়েছে। নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে কুমিল্লা বিভাগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে।
দায়িত্ব পাওয়ার বিষয়ে রাকিবুল ইসলাম হৃদয় বলেন, “জাতীয় ছাত্রশক্তি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লা বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা

কুমিল্লার দাউদকান্দির বরকোটা স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব, উচ্চশিক্ষায় বিভিন্ন বিষয় নির্বাচন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, গবেষণামুখী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় শিক্ষার্থীদের নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী উচ্চশিক্ষার বিষয় নির্বাচন এবং ক্যারিয়ার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, তথ্যপ্রযুক্তি ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষার সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।