মেরিন ড্রাইভে ফিটনেসবিহীন ‘চাঁদের গাড়ি’ বন্ধ ও পর্যটকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি
৩০ এপ্রিল, ২০২৬
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ফিটনেসবিহীন ও অননুমোদিত ‘চাঁদের গাড়ি’ (জিপ) চলাচল বন্ধ এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দাবিতে কক্সবাজার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে ‘জাতীয় যুবশক্তি’ কক্সবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ সড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পর্যটন রুট। প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য পর্যটক এই নান্দনিক সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, সাম্প্রতিক সময়ে এই সড়কে ‘চাঁদের গাড়ি’ নামে পরিচিত অসংখ্য ফিটনেসবিহীন, অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ যানবাহন অবাধে চলাচল করছে। এসব যানবাহনের অধিকাংশেরই বৈধ রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এছাড়া দক্ষ ও প্রশিক্ষিত চালকের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।
এই উদ্ভূত পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:
১. মেরিন ড্রাইভ সড়কে সকল ফিটনেসবিহীন ও অননুমোদিত ‘চাঁদের গাড়ি’ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা।
২. শুধুমাত্র বৈধ কাগজপত্র ও ফিটনেসসম্পন্ন যানবাহনকে পর্যটক পরিবহনের অনুমতি প্রদান করা।
৩. নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
৪. পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা।
৫. চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি, সদস্য সচিব শামীম ফরহাদ, মুখ্য সংগঠক ফারুক নওশাদ, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মিনহাজ আবরার, যুগ্ম সদস্য সচিব মফিজুর রহমান ও আম্মার মাহমুদ, জেলা সংগঠক সালাহ উদ্দীন নয়ন এবং শহর শাখার সদস্য সচিব শাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে মেরিন ড্রাইভ সড়কের এই সমস্যার সমাধান হবে এবং পর্যটকদের জন্য একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ পরিবেশ নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]