খুঁজুন
, ,

যেকোনো চাবিতেই স্টার্ট হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
যেকোনো চাবিতেই স্টার্ট হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান

চট্টগ্রামের হালিশহর থানার পুলিশের একটি টহল ভ্যান চুরির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। যেকোন গাড়ির চাবি দিয়ে স্টার্ট হয় পুলিশ ভ্যান। এমনকি ভ্যানটি চালু করতে মোটরসাইকেলের চাবি ব্যবহার করেন গ্রেফতার রুবেল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল বা যেকোনো গাড়ির চাবি দিয়ে অনায়াসে চালু করা যায় পুলিশের সেই ভ্যানটি। একটি চাবি দিয়েই অনায়াসে গাড়িটি স্টার্ট করা যাচ্ছে।

গত ১৮ নভেম্বর দুপুরে হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যান্টিনের সামনে থেকে ভ্যানটি চুরি হয়। ভ্যানটি চালু করতে অন্য একটি গাড়ির চাবি ব্যবহার করা হতো। ভ্যানের সঙ্গে সেই চাবিটিও নিয়ে যাওয়া হয়েছিল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগে মোটরসাইকেলে আসা দুইজন ভ্যানটির আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ওই মোটরসাইকেলের চালক রুবেলের সঙ্গে প্রায় সাত সেকেন্ড কথা বলেন। পরে ভ্যানটি নিয়ে পুলিশের গাড়ির জন্য নির্ধারিত একটি পেট্রলপাম্প থেকে বিনামূল্যে ২৮ লিটার জ্বালানি নেন রুবেল। পথে গাড়িতে সমস্যা দেখা দিলে তিনি একটি গ্যারেজেও যান।

মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার মোহাম্মদ মঞ্জু জানান, রুবেলকে প্রথমে ২০০ টাকা এবং পরে আরও ৫০০ টাকা দেওয়া হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের ধারণা, কবিরের নির্দেশে ভ্যানটি চুরি করা হয়। ভ্যানটিতে আগুন দিয়ে পুলিশকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও চালক আক্তারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উদ্ধারের পরও ভ্যানটি হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়ে সেটি চালু করা গেছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি বদলানো হচ্ছে বলেও জানান তিনি।

তিনি জানান, সরকারি গাড়িটি হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট সদস্যদের। তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সাময়িক ব্যবস্থা নিয়েছেন।

পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের খবরে যেসব ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানানো হয়েছে। সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে ভুয়া সংবাদ থেকে সাবধান থাকার আহ্বান জানান।সতর্কীকরণ বার্তায় ফেসবুক পেজে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

 

এ বার্তায় যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে তৎপরতা শুরু করেছেন দেশটিতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তার দেশে ফেরার সুবিধাজনক রুট নির্ধারণে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেন দলটির শীর্ষস্থানীয় চার নেতা। পরে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চারজন হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

পেট্রাপোল সীমান্ত থেকে এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন চার নেতা। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। পরে সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন তারা।

 

বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়াতে সচেষ্ট ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর খবরে বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিশ্চিতে একটি রুটের ওপর ভরসা না করে বিকল্প রুট নিয়েও চিন্তাভাবনা চলছে। এর অংশ হিসেবে পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও ঘুরে দেখবেন আওয়ামী লীগ নেতারা।

 

আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো পথ ও সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করবেন তারা।

 

নিউজ ১৮ ও এই সময়-এর খবরে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুধু একটি রুটের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা খোলা রাখতে চায় আওয়ামী লীগের নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি।

বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আটক ৪ কর্মী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আটক ৪ কর্মী

আগুন-সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মীকে আটক করেছে বাহিনীর সদস্যরা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নুর মোহাম্মদের বাড়িতে অভিযানটি পরিচালনা করে পুলিশ। নুর মোহাম্মদ সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।

আটকরা হলেন- ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।

গ্রেপ্তারের পর নিশাদ তাদের কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। নিশাদ পুলিশকে জানিয়েছেন, তিনি মূলত একজন পোশাক শ্রমিক। মুন্না নামে এক ব্যক্তি ভয়-ভীতি দেখিয়ে তাদের বিভিন্ন সময় মিটিং-মিছিলে নিয়ে যেত। কিছুদিন আগে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করেন তারা। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপি নেতা; ফলে পরিস্থিতি নিরাপদ মনে করে তারা ওই বাসায় একাধিক কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়ি থেকে যুবলীগের কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি জানিয়েছেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন; এমনকি কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন।

আটকদের মোবাইল থেকে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলের ভিডিও পাওয়া গেছে। একইসঙ্গে দেশের অভ্যন্তরে ও বাইরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের গ্রুপ চ্যাটিংয়ের প্রমাণ পাওয়া গেছে।