খুঁজুন
, ,

ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে মানবিক উদ্যোগ নেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নিজের গাড়িবহরে করে দ্রুত শিশুটিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান তিনি। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে। রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।

জানা গেছে, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে নিজের গাড়িতে তুলে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তিনি।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে দীর্ঘক্ষণ চেষ্টা চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাদিপ।

এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও। শিশুটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল না হওয়ায় তিনি মর্মাহত হন।

হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে তৎপরতা শুরু করেছেন দেশটিতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তার দেশে ফেরার সুবিধাজনক রুট নির্ধারণে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেন দলটির শীর্ষস্থানীয় চার নেতা। পরে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চারজন হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

পেট্রাপোল সীমান্ত থেকে এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন চার নেতা। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। পরে সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন তারা।

 

বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়াতে সচেষ্ট ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর খবরে বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিশ্চিতে একটি রুটের ওপর ভরসা না করে বিকল্প রুট নিয়েও চিন্তাভাবনা চলছে। এর অংশ হিসেবে পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও ঘুরে দেখবেন আওয়ামী লীগ নেতারা।

 

আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো পথ ও সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করবেন তারা।

 

নিউজ ১৮ ও এই সময়-এর খবরে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুধু একটি রুটের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা খোলা রাখতে চায় আওয়ামী লীগের নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি।

বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আটক ৪ কর্মী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আটক ৪ কর্মী

আগুন-সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মীকে আটক করেছে বাহিনীর সদস্যরা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নুর মোহাম্মদের বাড়িতে অভিযানটি পরিচালনা করে পুলিশ। নুর মোহাম্মদ সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।

আটকরা হলেন- ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।

গ্রেপ্তারের পর নিশাদ তাদের কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। নিশাদ পুলিশকে জানিয়েছেন, তিনি মূলত একজন পোশাক শ্রমিক। মুন্না নামে এক ব্যক্তি ভয়-ভীতি দেখিয়ে তাদের বিভিন্ন সময় মিটিং-মিছিলে নিয়ে যেত। কিছুদিন আগে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করেন তারা। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপি নেতা; ফলে পরিস্থিতি নিরাপদ মনে করে তারা ওই বাসায় একাধিক কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়ি থেকে যুবলীগের কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি জানিয়েছেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন; এমনকি কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন।

আটকদের মোবাইল থেকে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলের ভিডিও পাওয়া গেছে। একইসঙ্গে দেশের অভ্যন্তরে ও বাইরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের গ্রুপ চ্যাটিংয়ের প্রমাণ পাওয়া গেছে।

রংপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
রংপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রংপুরের বদরগঞ্জে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার লোহারীপাড়া ইউনিয়নের একটি মুরগীর খামারে এই ঘটনা ঘটে।

নিহত মকবুলের হোসনের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।

পুলিশ জানায়, রাতে ওই খামারে চুরি করে পালিয়ে যাচ্ছিলো কয়েকজন। ঘটনাটি টের পেয়ে একজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী।

পরে, তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।