খুঁজুন
, ,

রূপপুর পারমাণবিক প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করলেন অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার বাঁধন পাবনা
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
রূপপুর পারমাণবিক প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করলেন অর্থ উপদেষ্টা

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি সরেজমিনে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের চূড়ান্ত প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রকল্পের উর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এই পরিদর্শনের খবর জানিয়েছেন।
জানা গেছে, ড. সালেহউদ্দিন আহমেদ প্রকল্প সাইটে নির্মাণকাজের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্পের বিভিন্ন ধাপের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এ সময় তিনি ট্রেনিং সেন্টার, মেইন কন্ট্রোল রুম, ইলেকট্রিক্যাল সিস্টেম, ওয়াটার সিস্টেম এবং কুলিং টাওয়ার পরিদর্শন করেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান প্রকল্পের সেফটি সিস্টেম, সার্বিক অগ্রগতি এবং ফুয়েল লোডিংয়ের প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রকল্পের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি কাজের অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে রূপপুর প্রকল্প জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশ সরকারের অন্যতম মেগা প্রকল্প, যা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। আন্তর্জাতিক মান ও নিরাপত্তা বিধি মেনে প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে শেষ ধাপের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যেই পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে প্রকল্প কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: লায়ন খোরশেদ আলম

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: লায়ন খোরশেদ আলম

সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল র‍্যালি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে বুধবার (১৮ নভেম্বর) রাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাভারের বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত। দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও অন্যায়, অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা শুধু রাজনৈতিক দলের নয়, সবার দায়িত্ব। তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

খোরশেদ আলম বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল। জনগণের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখব।

প্রতিবাদ সভা শেষে অনুষ্ঠিত মোটরসাইকেল র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। র‍্যালিটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। র‍্যালি চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

 

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

টেকনাফগামী মাইক্রোবাসে পুলিশের চেকপোস্টে অভিযান, জনপ্রতি ৭০ হাজার টাকায় মালয়েশিয়া পাঠানোর চুক্তি

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় যাত্রী বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আমির হোসেন (৩০), পিতা মাহমুদ আলী, দক্ষিণ শুকলালপাড়া (দালাল); মোহাম্মদ হোসেন (২৫), পিতা নুরুল মোস্তাফা; হুমায়ুন কবির (২৪), পিতা মামুনুর রশিদ; রহিম উদ্দিন (৩০), পিতা আরকান শরিফ; মো. আজম নুর (৩০), পিতা মো. নুরুল কাদের; মো. মিজান (৩০), পিতা নুরুন নবী; আবুল কাশেম (৩০), পিতা মৃত শফির আহমদ, ছনুয়া ইউনিয়ন, বাঁশখালী উপজেলা। এ ছাড়া মাইক্রোবাসের চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে। এ সময় গাড়িতে থাকা ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে এক ব্যক্তি দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে পেকুয়া চৌমুহনী এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন সংগঠক বা দালাল রয়েছেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

বাঁ থেকে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় বটতলা মোড়ে শোডাউন কর্মসূচিতে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ঘটায় দুইজন নিহত এবং বহু আহত হয়েছেন।

হত্যার শিকার হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ, বয়স ৪০, এবং যুবদলকর্মী সোহেল মোল্লা, বয়স ৪৫।

পুলিশ ও স্থানীয় সূত্রের মতে, শোডাউন ও বিক্ষোভের অংশ হিসেবে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন চালাচ্ছিলেন। তাদের বহর বটতলা মোড়ে পৌঁছালে অপরিচিত আক্রমণকারীরা হঠাৎ আক্রমণ চালায়, ফলে শাহিনুর ও সোহেল গুরুতর আহত হন।

স্থানীয় মানুষ দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলি এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, জড়িত ব্যক্তিদের ওপর তদন্ত চলছে। প্রাথমিক ধারণা অনুসারে, নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী গোষ্ঠীর সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।