লক্ষ্মীপুর – রায়পুরে সরকারি জমি দখল মুক্ত ৬২টি অবৈধ দোকান উচ্ছেদ শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।
আজ বুধবার (১০ জুন) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে খালের ওপর সরকারি জমিতে গড়ে ওঠা দীর্ঘদিনের অবৈধ ৬২টি দোকান উচ্ছেদ করা হয়। মূলত ওই এলাকায় সরকারি খাল খনন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০.০০ থেকে শুরু হওয়া এই অভিযানে স্থানীয় প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে অবৈধভাবে গড়ে ওঠা আধাপাকা ও কাঁচা দোকানপাটগুলো গুঁড়িয়ে দেওয়া ও অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন— রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল এবং রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রায়পুর থানা পুলিশের একটি বড় দল অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এলাকায় সরকারি উদ্যোগে খাল খনন কার্যক্রম দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল। এই প্রকল্প বাস্তবায়নের স্বার্থে খালের দুই পাড়ের ব্যবসায়ীদের আগেই দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য লিখিত কয়েকবার নোটিশ প্রদান করা হয়েছিল। পাশাপাশি এলাকায় মাইকিং করে মালামাল সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার সতর্ক করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা জায়গা খালি না করায় অবশেষে আজ বুধবার (১০জুন) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।
উচ্ছেদ অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সম্পত্তি উদ্ধার এবং জনস্বার্থে খাল খনন প্রকল্প বাস্তবায়নের জন্যই নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জায়গায় দ্রুতই খনন কাজ শুরু হবে। ভবিষ্যতে যাতে এই জায়গা পুনরায় বেদখল না হয়, সে ব্যাপারেও প্রশাসনের কড়া নজরদারি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা বজায় থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]