শরীয়তপুরের গোসাইরহাটে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে মুসা হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা হাওলাদার ওই গ্রামের মৃত মুল্লুক চান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিজের গবাদিপশুগুলো মাঠে চরাতে দিয়ে আসেন মুছা হাওলাদার। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি গরুগুলোকে বাড়িতে ফিরিয়ে আনতে মাঠে যান। গরু নিয়ে ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোদালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বাবু মৃধা বলেন, “মুসা হাওলাদার দুপুরে মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত বজ্রপাতের শিকার হয়ে তিনি মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে পুরো মৃধাপাড়া গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]