শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
নিহতরা হলো— রিফাত সিকদার (৭), পিরোজপুর জেলার দুর্গাপুর এলাকার আরিফ সিকদারের ছেলে এবং রিদম ফকির (৮), দক্ষিণ পাপরাইল এলাকার বাহরাইন প্রবাসী বাবুল হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল রিফাত। দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল তারা। একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে গেলে রিফাত সেটি আনতে পানিতে নামে। সাঁতার না জানায় সে ডুবে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয় তার মামাতো ভাই রিদম। কিন্তু দুজনই পানিতে তলিয়ে যায়।
অনেকক্ষণ শিশু দুজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান ফুটবল দেখে সন্দেহ হলে পানিতে নেমে তাদের উদ্ধার করা হয়। দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
নিহত রিফাতের বাবা আরিফ সিকদার বলেন, “ঈদের আনন্দ করতে ছেলেকে নানা বাড়িতে পাঠিয়েছিলাম। ভাবিনি এভাবেই তাকে হারাতে হবে। আমার সব আনন্দ শেষ হয়ে গেল।”
রিদমের নানা নুর মোহাম্মদ ফকির কান্নাজড়িত কণ্ঠে বলেন, “একসঙ্গে দুই নাতিকে হারিয়েছি। এ শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। ওদের বাবা-স্বজনরা আসার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]