শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, অসহায় হয়ে পড়েছে পরিবার
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে বজ্রপাতে ফয়সাল আহমেদ বেপারী (৩৫) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশেহারা তার স্বজনরা।
নিহত ফয়সাল আহমেদ বেপারী ওই গ্রামের বাসিন্দা ফজলুল হক বেপারীর ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও বিনয়ী স্বভাবের মানুষ। কৃষিকাজের ওপর নির্ভর করেই চলত তার পুরো সংসার।
জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশের নিজ জমিতে গবাদিপশুর খাদ্যের জন্য গাছ কাটতে যান ফয়সাল। দুপুরের দিকে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। একই সঙ্গে দফায় দফায় বজ্রপাত হতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা এমটিভি বাংলাকে জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেই কাজ করছিলেন ফয়সাল। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। আশপাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে তখন আর তার শরীরে প্রাণ ছিল না বলে জানান পরিবারের সদস্যরা। ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফয়সালের সংসারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই কন্যা সন্তান ও একটি ছেলে। সংসারের সব দায়িত্ব তার কাঁধেই ছিল। হঠাৎ এমন মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনরা।
এদিকে বজ্রপাতে মৃত্যুর এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী বলছেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় মাঠে কাজ করা কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরিবারটিকে সরকারি সহায়তার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]