খুঁজুন
, ,

সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির কাছে শতভাগ নিরাপদ: রাশেদ খাঁন

​তাসনিম মুহসিন, ঝিনাইদহ।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির কাছে শতভাগ নিরাপদ: রাশেদ খাঁন

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, “নির্বাচিত হতে পারলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। অবহেলিত কোনো রাস্তা কাঁচা রাখা হবে না এবং প্রতিটি নাগরিকের দ্বোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করা হবে।” ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা হাটবাজার দখল ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন, তাদের কঠোর হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “জনগণের জানমালের ওপর হস্তক্ষেপ বা কোনো ধরনের চাঁদাবাজি আর সহ্য করা হবে না।”

​সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি ভূষণ হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রার্থী নিজেই।

​সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে রাশেদ খাঁন বলেন, “আপনারা এই জনপদে নির্বিঘ্নে বসবাস করবেন। বিএনপির কাছে আপনারা শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতীক হচ্ছে তারেক রহমানের আমানত। এই নাম ভাঙিয়ে বা মিথ্যা বলে কেউ ফায়দা লুটতে চাইলে তাদের ঝাটিয়ে বিদায় করবেন।”

​প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, “দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করলেও কারো কারো মানসিকতার কোনো উন্নয়ন হয়নি। তারা মিথ্যার আশ্রয় নিয়ে ভোট চাইছেন। যারা অভিনয় করে ভোটারদের বিভ্রান্ত করতে চায়, তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানাই।”

​নির্বাচনী এই সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শুরুর আগেই মিছিল ও নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহরের অলিগলি।

​জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির রাশেদ খাঁন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম এবং জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।

মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালীকে। তবে বিস্ময়কর বিষয় হলো, মামলার ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তার মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৯ মার্চ মারা যাওয়া এই ব্যক্তির নাম মামলার এজাহারে রয়েছে ২১৯ নম্বর আসামি হিসেবে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

মামলার নথি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ সামচু ঢালীর মৃত্যু হয়। অথচ গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর একটি ফৌজদারি মামলার আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

 

জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বর আসামি হিসেবে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

ঘটনার আগেই মারা যাওয়া একজন ব্যক্তির নাম কীভাবে মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় থাকার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। একটি পোস্টে বিদ্রূপ করে বলা হয়েছে, দলের প্রতি তার নিবেদন এতটাই ছিল যে আন্দোলনের খবর পেয়ে কবর থেকে উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। এমনকি মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেছেন বলেও ব্যঙ্গ করা হয়েছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

 

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দেবিদ্বারে পকেট ও অর্থের বিনিময়ে কমিটি আখ্যা দিয়ে নবগঠিত কমিটির ৭ বিএনপি নেতার পদত্যাগ

মোহাম্মদ শিপন ,দেবিদ্বার প্রতিনিধিঃ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
দেবিদ্বারে পকেট ও অর্থের বিনিময়ে কমিটি আখ্যা দিয়ে নবগঠিত কমিটির ৭ বিএনপি নেতার পদত্যাগ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির ৭ বিএনপি নেতা পদত্যাগ করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ডায়না রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে মাধ্যমে পদত্যাগ করেন তারা।

সদ্য ঘোষিত নব কমিটির সুবিল ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান হিরণ ও যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, গোলাম রাব্বানী, সোহেল নেয়ামত সরকার, ডাঃ মোঃ রিপনসহ সদস্য মোঃ মান্নান মোল্লা পদত্যাগ করেন।

সম্মেলনে বিএনপি নেতারা বলেন, সদ্য সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এ কমিটির কবে কোথায় কিভাবে ঘোষণা করেছে আমরা কিছুই জানি না। কমিটি করা হয়েছে কিন্তু আমাদের অবগত বা জানানো হয়নি। কমিটিতে যাদের মূল কমিটিতে রাখা হয়েছে তারা কবে কোথায় বিএনপি করেছে তাও জানি না। দলের দুর্দিনে তাদের আমরা রাজপথে দেখি নাই। তারা গুপ্ত ছিল ও আওয়ামী লীগের সাথে রাজনীতি করত। ৫ আগস্টে পর তাদের আবির্ভাব। এ কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে, আত্মীয় করণ, পকেট ও অর্থের বিনিময়ে ঘোষিত কমিটি এটা। রাতের আধারে টাকার বিনিময়ে মনগড়া কমিটি করেছে এমন অভিযোগ তুলেন।
এছাড়াও নবগঠিত কমিটির আহবায়ক মোঃ কামাল হোসেন ও সদস্য সচিব মোঃ হানিফ ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুফিয়া বেগম এবং দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জসিম উদ্দিন এর আত্মীয় হওয়াতে তারা কমিটিতে স্হান পেয়েছে। তারা বিএনপি কেউ না বলেও অভিযোগ তুলেন।

এবিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুফিয়া বেগম জানান, আমি এ কমিটির বিষয়ে কিছুই জানি না। জেলা বিএনপির রেজুলেশন অনুযায়ী কথা ছিল প্রতিটা ইউনিয়নে গিয়ে মিটিং সমাবেশ করে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে। তবে উপজেলা আহবায়ক মোঃ জসিম উদ্দিন ফেসবুকে নবগঠিত কমিটি পাবলিশের পর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আত্মীয়করণের বিষয়ে তিনি বলেন নবগঠিত কমিটির কেউ আমার আত্মীয় না।

এবিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জসিম উদ্দিন বলেন, একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করেছি। সকলকে আহবায়ক ও সদস্য সচিব করা তো সম্ভব না। কেউ পদত্যাগ করলে তার শূন্য স্হান পূরণ করা হবে। আত্মীয়করণের বিষয়ে তিনি জানান সুবিল ইউনিয়নে তাহার কোন আত্মীয় নেই।

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় ৬০০ কোটি টাকার স্যাটেলাইট প্রকল্প বঙ্গোপসাগরে নৌযানের গতিবিধি নজরদারিতে বসবে চারটি স্যাটেলাইট, সেবা চালুর লক্ষ্য ২০২৮ সালে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় ৬০০ কোটি টাকার স্যাটেলাইট প্রকল্প  বঙ্গোপসাগরে নৌযানের গতিবিধি নজরদারিতে বসবে চারটি স্যাটেলাইট, সেবা চালুর লক্ষ্য ২০২৮ সালে

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থার আওতায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। ২০২৮ সালের মধ্যে এ সেবা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত এ প্রযুক্তি চালু হলে উপকূল থেকে কয়েক শ কিলোমিটার দূরে অবস্থানরত নৌযানের অবস্থানও শনাক্ত করা সম্ভব হবে। বিশেষ করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা ঝড় কিংবা অন্য কোনো দুর্ঘটনায় পড়লে তাদের অবস্থান দ্রুত চিহ্নিত করে উদ্ধার তৎপরতা পরিচালনায় সহায়তা মিলবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, অবৈধ মাছ ধরা নিয়ন্ত্রণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

বিএসসিএল সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় চারটি এলইও স্যাটেলাইটের পাশাপাশি দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন ও প্রয়োজনীয় অবকাঠামোর বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

৩০ মিনিট পরপর মিলবে নৌযানের অবস্থানের তথ্য

বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। বিশাল এ জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে বিস্তৃত সমুদ্র এলাকায় নিয়মিত নজরদারি ও নৌযানের চলাচল পর্যবেক্ষণ এখনো বড় চ্যালেঞ্জ।

প্রস্তাবিত স্যাটেলাইট ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকায় একবার পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবারও সেই এলাকার তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে।

এতে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোন নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে, তা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব হবে। পাশাপাশি সামুদ্রিক নৌযানের গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা যাবে। ফলে তথ্য ব্যবস্থাপনায় বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।

উল্লেখ্য, বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি। নতুন এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে সামুদ্রিক নৌযানের অবস্থান শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণে বিশেষায়িত স্যাটেলাইট অবকাঠামো গড়ে তোলা।

বিপদে পড়া জেলেদের উদ্ধারে বাড়বে সক্ষমতা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রায়ই ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার মুখে পড়েন জেলেরা। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে চলে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযান ও জেলেদের খুঁজে বের করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়।

স্যাটেলাইটভিত্তিক স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) চালু হলে এ পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। এআইএস সুবিধাসম্পন্ন নৌযানের পরিচয়, অবস্থান ও গতিবিধির তথ্য দূর থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমবে। এতে সময় ও জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় তৈরি হবে তথ্যভান্ডার

স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে বঙ্গোপসাগরে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রম সম্পর্কে দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে—এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে।

এ তথ্য কাজে লাগিয়ে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করা যাবে। এর ভিত্তিতে মৎস্যসম্পদের সুরক্ষা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং টেকসই আহরণ পরিকল্পনা প্রণয়ন সহজ হবে।

তবে এআইএস প্রযুক্তি সরাসরি সমুদ্রের কোথায় মাছ রয়েছে, তা শনাক্ত করতে পারে না। এর মূল কাজ নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রে মাছের সম্ভাব্য অবস্থান জানতে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।

অর্থাৎ, এআইএস জানাবে নৌযান কোথায় রয়েছে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি জানাবে কোন এলাকায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যনির্ভর মৎস্য ব্যবস্থাপনার পথ তৈরি করতে পারে।

সামুদ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্ব

এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এ সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।

মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তাঁর মতে, এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।