সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন: টেকনাফে কৃষকদের হাতে কার্ড তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের টেকনাফে কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সরাসরি সরকারি সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের ভাগ্যবদল ও জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এই ‘কৃষক কার্ড’ শুধুমাত্র একটি কার্ড নয়, বরং এটি কৃষকদের ক্ষমতায়নের চাবিকাঠি। এর মাধ্যমে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার, বীজ এবং সহজ শর্তে কৃষিঋণ পাবেন।”

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে প্রকৃত কৃষকরা এখন থেকে সরাসরি মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল মাধ্যমে তাদের প্রাপ্য সুবিধা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতীকীভাবে স্থানীয় বেশ কয়েকজন কৃষকের হাতে ডিজিটাল কার্ড তুলে দিয়ে এই মহতি উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ডিজিটাল কার্ড প্রবর্তনের ফলে টেকনাফের কৃষি অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তনের বিপ্লব ঘটবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]