খুঁজুন
, ,

সাভারে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকসহ পুরো টিমের উপরে মাদক ব্যবসায়ীদের হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
সাভারে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকসহ পুরো টিমের উপরে মাদক ব্যবসায়ীদের হামলা

ঢাকার সাভারের রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহকালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দেশ টিভির সিনিয়র রিপোর্টার তায়েফুর রহমান তুহিন, এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনসহ, দেশ টিভির পুরো টিমের উপরে হামলা চালিয়েছে শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম ও তার লোকজন।

আজ শুক্রবার (২২ মে) বিকাল সাড়ে ৩ টা নাগাদ পশ্চিম রাজাশন এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা দুই সাংবাদিককে ছুরিকাঘাত করাসহ পুরো টিমের সদস্যদের এলোপাথাড়ি মারধর করে পার্শ্ববর্তী একটি গ্যারেজে নিয়ে আটকে রেখে মুচলেকা নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি দেশ টিভির একটি প্রাইভেট কার ভাংচুর করাসহ দুই সাংবাদিকের কাছে থাকা মানিব্যাগ, নগদ টাকা, ক্যামেরাসহ অন্যান্য ইকুইপমেন্ট ছিনিয়ে নিয়ে যায়।

আহত অন্যান্যরা হলেন, দেশ টিভির ক্যামেরাপারসন কাইয়ুম ও ড্রাইভার জয়নাল।

ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করার কথা জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।

দেশ টিভি’র সিনিয়র রিপোর্টার ও হামলার শিকার সাংবাদিক তুহিন বলেন, সকালে অফিসের এসাইনমেন্টে মাদক ব্যবসায়ী ও মাদকের বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় যাই আমরা। আমাদের সাথে এসএ টিভির স্থানীয় প্রতিনিধি সাদ্দাম হোসেনও ছিল। এসময় স্থানীয় বিভিন্ন মানুষের বক্তব্য গ্রহনসহ যাবতীয় তথ্য সংগ্রহ করে ফিরে আসছিলাম। এসময় যেই গলিটি শামীমের মাদক ব্যাবসায়ের জন্য খ্যাত, সেই গলিতে একটু থেমে দূর থেকে মাদক সিন্ডিকেটের সেখানে ইন্সটল করা সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে গাড়িতে উঠে চলে আসার সময় একজন ব্যক্তি কথা বলা চায়। পরে আমি গাড়ি থেকে নামার সাথে সাথেই মাদক ব্যবসায়ী শামীমসহ ৪০/৫০ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এসময় হামলাকারীরা আমাদের গাড়ি ভাংচুর করাসহ আমাদের এলোপাথাড়ি মারধর, আমার পেটে ও পিঠে ছুরিকাঘাত, সাদ্দামের চোখে ছুরিকাঘাত করার পাশাপাশি আমাদের সাথে থাকা যাবতীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে আমাদের তুলে শামীমের গ্যারেজে নিয়ে যায়। সেখানেও আমাদের উপর নির্যাতন চালায় হামলাকারীরা। এক পর্যায়ে আমরা আমাদের হাসপাতালে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানালে শামীম জানায় পুলিশ আসছে, তারা আসলে মুচলেকা দিয়ে তারপর যেতে হবে। এর কিছুসময় পর প্রথমে পুলিশের একটি টিম, ও পরে আরও কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে”, যোগ করেন তুহিন।

হাসপাতালে গুরুতর আহত অবস্থায় সাদ্দাম হোসেন বলেন, সম্প্রতি মাদক ব্যবসায়ী শামীমকে নিয়ে পৃথক দুটি প্রতিবেদন করার পর তুহিন ভাই আমার সাথে যোগাযোগ করে মাদকের বিস্তার নিয়ে রিপোর্ট করার কথা জানায় এবং আমাকে সহযোগিতার অনুরোধ করেন। সেই সুবাদেই আমি আজ দেশ টিভির টিমের সাথে যোগ দেই। হামলার এক পর্যায়ে শামীম পিস্তল ঠেকিয়ে আমাকে গুলি করতে উদ্ব্যত হলে আরেক ব্যক্তি ৩ দফায় আমাকে ছুরিকাঘাত করে এবং একটি আঘাত আমার চোখের কোনে লাগে। এছাড়াও তাকে নিয়ে সম্প্রতি আমি রিপোর্ট করায় আমার উপর ক্ষোভ ছিল তার।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. সোনিয়া রহমান বলেন, আমরা দুজন পেশেন্ট পেয়েছি এর মধ্যে একজনের (তুহিন) শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আরেকজনের (সাদ্দাম) চোখে গুরুতর জখম থাকায় তাকে আমরা ন্যাশনাল আই ইন্সটিটিউটে রেফার্ড করেছি। যদিও অন্য যে পেশেন্ট স্থিতিশীল রয়েছে, তাকেও তার স্বজনদের অনুরোধে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

আহত উভয়ের শরীরেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান এই চিকিৎসক।

যোগাযোগ করলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে পাশাপাশি ঘটনাস্থল থেকে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এঘটনায় মূল অভিযুক্ত শামীমসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত ১০ মে রাতে গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শামীমকে টার্গেট করে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। যদিও অভিযানে শামীমকে গ্রেপ্তার করা গেলেও পার্শ্ববর্তী স্থান থেকে ৩ জনকে একটি বিদেশি পিস্তল, হেরোইন, ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব সুত্র জানায়, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী শামীম নিজের কাছে মাদক না রেখে লোকজন দিয়ে মদকের ব্যবসা ডিল করে। সেদিন অভিযানে যারা গ্রেপ্তার হয়েছে, তারাও শামীমের সহযোগী এমনটাই ধারণা র‍্যাবের। এছাড়াও শামীমের নামে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা থাকার তথ্য জানিয়েছে র‍্যাব।

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভিতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

তিনি আরো জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে রবিবার রাত ১২:৩০ টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হলেও কোনো বড় ক্ষতি না হয়ে, শুধুমাত্র সিঁড়িতে সামান্য দাগ রয়ে গিয়েছে।

ঘটনা স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে। খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানালেন, দুইজন যুবক একটি মোটরসাইকেলে এসে বোমা নিক্ষেপের পর দ্রুত পালিয়ে গেছেন।

বোমা বিস্ফোরণের পর কিছুক্ষণ আগুন জ্বলে উঠলেও তা স্বয়ংক্রিয়ভাবে নিভে যায়। সিটি করপোরেশনের কর্মীরা জানান, ক্যামেরা ফুটেজে বোমা ছোড়া এবং বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে।

পুলিশ বর্তমানে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তদন্ত চালাচ্ছেন এবং আইনগত ব্যবস্থা নেবে। ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশিত হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালীকে। তবে বিস্ময়কর বিষয় হলো, মামলার ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তার মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৯ মার্চ মারা যাওয়া এই ব্যক্তির নাম মামলার এজাহারে রয়েছে ২১৯ নম্বর আসামি হিসেবে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

মামলার নথি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ সামচু ঢালীর মৃত্যু হয়। অথচ গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর একটি ফৌজদারি মামলার আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

 

জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বর আসামি হিসেবে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

ঘটনার আগেই মারা যাওয়া একজন ব্যক্তির নাম কীভাবে মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় থাকার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। একটি পোস্টে বিদ্রূপ করে বলা হয়েছে, দলের প্রতি তার নিবেদন এতটাই ছিল যে আন্দোলনের খবর পেয়ে কবর থেকে উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। এমনকি মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেছেন বলেও ব্যঙ্গ করা হয়েছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

 

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’