খুঁজুন
, ,

১৮ জানুয়ারি কক্সবাজারে আসছেন তারেক রহমান |

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার |
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
১৮ জানুয়ারি কক্সবাজারে আসছেন তারেক রহমান |

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ই জানুয়ারি কক্সবাজারের পেকুয়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আনুষ্ঠানিকভাবে এখনো এসংক্রান্ত কোনো ঘোষণা না আসলেও জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন কক্সবাজারের জুলাই যোদ্ধা শাহিদুল ওয়াহিদ শাহেদ নিজের ফেসবুকে লিখেছেন,’সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৮ তারিখ পেকুয়ায় আসবেন দেশনায়ক তারেক রহমান।’

এদিকে আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, পরদিন ১২ জানুয়ারি রংপুরে তাঁর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন, যেদিন তাকে রাজধানীর তিনশ ফিটে অভ্যর্থনা জানায় লাখো মানুষ।

চতুর্থবার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দাউদকান্দির সাজেদুল ইসলাম পলাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
চতুর্থবার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দাউদকান্দির সাজেদুল ইসলাম পলাশ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ। জেলার ‘ক’ ক্যাটাগরিতে তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা এবং সার্বিক পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ওসি সাজেদুল ইসলাম পলাশ দাউদকান্দি মডেল থানার সব কর্মকর্তা, পুলিশ সদস্য এবং দায়িত্ব পালনে সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি এ সম্মাননাকে থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দাউদকান্দি মডেল থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

মানুষের সেবায় এগিয়ে, অসহায় ও দুস্থ মানুষের পাশে—৬নং ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রোমান আলম (রোমান)।

মোহাম্মদ শিপন দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
মানুষের সেবায় এগিয়ে, অসহায় ও দুস্থ মানুষের পাশে—৬নং ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রোমান আলম (রোমান)।

জনগণের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন রোমান আলম (রোমান)। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়ভাবে পরিচিতি অর্জন করেছেন তিনি।
আসন্ন ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন আমেরিকা প্রবাসী রোমান আলম (রোমান)।
তিনি বিশ্বাস করেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা। তাই এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি।
শিক্ষাগত যোগ্যতায় তিনি বিবিএ অনার্স, মাস্টার্স (ম্যানেজমেন্ট) এবং এলএলবি সম্পন্ন করেছেন কুমিল্লা ল’ কলেজ থেকে।
৬নং ফতেহাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী রোমান আলম (রোমান)।

ঈদগাঁওয়ে টয়লেটের কমোডে নবজাতক ফেলে হত্যাচেষ্টার অভিযোগ, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
ঈদগাঁওয়ে টয়লেটের কমোডে নবজাতক ফেলে হত্যাচেষ্টার অভিযোগ, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে

কক্সবাজারের ঈদগাঁওয়ে টয়লেটের কমোডে নবজাতককে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে শিশুটির মা, নানী ও খালাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, জন্মের পরপরই নবজাতককে টয়লেটের কমোডে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় নবজাতকের মা, নানী ও খালাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। জন্মের পরপরই একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নির্মম আচরণের অভিযোগে এলাকায় নিন্দার ঝড় উঠেছে।

তবে এ ঘটনায় নবজাতকের বর্তমান শারীরিক অবস্থা, ঘটনার বিস্তারিত এবং পুলিশের বক্তব্য জানা গেলে প্রতিবেদনটি আরও বিস্তারিতভাবে প্রকাশ করা হবে।