৩০০ ফিট এলাকা থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করল ডিএনসিসি
রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অনুষ্ঠানস্থল থেকে মোট ১৪৮ টন বর্জ্য পরিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতেই ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ৩০০ ফিট এলাকায় সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে ডিএনসিসির উদ্যোগে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। ২০টি ট্রাকের মাধ্যমে মোট ১৪৮টি ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা হয়।
ডিএনসিসির মুখপাত্র আরও জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সকাল ১০টা থেকে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী স্বেচ্ছায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “এই শীতের সকালে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা এবং বিএনপির যে সকল নেতাকর্মী পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবার সম্মিলিত অংশগ্রহণেই একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “যে কোনো বড় জনসমাগম বা উৎসবের পর নগর প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন, তাহলে শহর ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদান আরও সহজ হবে।”
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেন। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। বৃহৎ এই জনসমাবেশের ফলে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসি তাৎক্ষণিকভাবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]