৩ লাখ টাকা মুক্তিপণ দাবির আগেই উদ্ধার ৪ বছরের শিশু, আটক অপহরণকারী
কক্সবাজার থেকে অপহৃত ৪ বছরের শিশু আলভী হোসেনকে মহেশখালী উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী রুপবানুকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুর নাম আলভী হোসেন। সে কক্সবাজার শহরের জেলগেইট এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আলভী হোসেন নিখোঁজ হলে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে একটি বিশেষ টিম গঠন করা হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, শিশুটিকে মহেশখালী এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে শিশুটির মায়ের কাছে অপহরণকারীরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরে মহেশখালী থানার সহযোগিতায় এসআই উত্তম কুমার, এসআই রফিকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে বড় মহেশখালীর দেবাঙ্গপাড়ার পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
অভিযানে অপহরণের মূল অভিযুক্ত রুপবানুকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী তার বাড়ি কুতুপালং এলাকায় বলে জানিয়েছে।
পুলিশ জানায়, অপহরণকারীরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও কোনো অর্থ লেনদেনের আগেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]