আসিফ মাহমুদের অভিযোগে ‘প্রাথমিক সত্যতা’ বলাটা ভুল: দুদক
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে পদোন্নতি, বদলি-বাণিজ্য ও পদায়নসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তবে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে বলে আগে দুদকের পক্ষ থেকে দেওয়া বক্তব্যটি ভুল ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্রিফিংয়ে কথা বলার সময় সম্ভবত তিনি ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি বলে ফেলেছেন। এ শব্দটি ব্যবহার না করার জন্য তিনি বিনীত অনুরোধ জানান।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে দুদক জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বদলি-বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হবে।
অভিযোগে আসিফ মাহমুদ ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের নাম রয়েছে।
দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়ন আদেশের মাধ্যমে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য দেড় কোটি টাকা এবং পদোন্নতির পর পছন্দের স্থানে পদায়নের জন্য আরও প্রায় দুই কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল। ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার, কেনাকাটা ও অন্যান্য কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।
দুদক সূত্র জানায়, অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি দল গঠন করেছে কমিশন। দলের নেতৃত্ব দেবেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এবং উপসহকারী পরিচালক ইমরান আকন ও রোমান উদ্দিন।
অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহে অনুসন্ধান দলটি কাজ করবে বলে জানিয়েছে দুদক।
তবে অনুসন্ধান শেষ হওয়ার আগে অভিযোগগুলোকে প্রমাণিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। অনুসন্ধানে অভিযোগের সত্যতা ও দায় সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]