কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় শ্রমিক লীগের নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার পর থানা হাজত থেকে দলবদ্ধভাবে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও দল থেকে বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদারসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে। আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার প্রতিবাদে পরে থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের অপর একটি অংশের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভূরুঙ্গামারী গরুর হাটে মো. আসিফ হোসেন নামে এক ব্যক্তির শার্টের কলার ধরে কিল-ঘুষি মারার অভিযোগ ওঠে জাতীয় শ্রমিক লীগের নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে। এ সময় সেখানে উত্তেজনার সৃষ্টি হলে উপস্থিত লোকজন ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী তাঁকে আটক করেন। পরে তাঁকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকের পর যুবদলের সাবেক নেতা মো. আনিচুর রহমান লেবু অভিযোগ করেন, নজরুল ইসলাম ২০১৭ সালের জাতীয় শ্রমিক লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখার কমিটির নেতা। তাঁর বিরুদ্ধে গত ২৯ আগস্ট চাঁদাবাজির অভিযোগে আশরাফুল নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ নম্বর ১৬০৮/২৯/০৮/২০২৬। ওই অভিযোগে নজরুল ইসলামকে দ্বিতীয় অভিযুক্ত করা হয়েছে। তবে প্রভাব খাটিয়ে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
নজরুল ইসলামকে আটকের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল হাসান সোহেল, যুবদল নেতা আনিচুর রহমান লেবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলামকে থানায় নেওয়ার আগে থেকেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ থানায় উপস্থিত ছিলেন না। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে হাজতে রাখে। এর প্রায় ৩০ মিনিট পর বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও কাঠ মানিকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী থানায় প্রবেশ করেন।
অভিযোগ রয়েছে, এ সময় তাঁরা থানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে হাজত থেকে নজরুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে যান। তবে কী প্রক্রিয়ায় এবং কার অনুমতিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ।
এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে, বিএনপির বহিষ্কৃত নেতা ফরিদুল হক শাহিন শিকদার সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুনের সঙ্গে কথা বলেন। পরে তাঁর নির্দেশনাতেই নজরুল ইসলামকে হাজত থেকে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এ অভিযোগের বিষয়ে এএসপির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো প্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
নজরুল ইসলামকে হাজত থেকে ছাড়িয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপির অপর একটি অংশের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল হাসান সোহেল, সাবেক বিএনপি নেতা মো. মামুন ব্যাপারী ও যুবদল নেতা আনিচুর রহমান লেবু। তাঁদের সঙ্গে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভকারীদের প্রশ্ন, পুলিশের কাছে সোপর্দ করা একজন আটক ব্যক্তিকে কীভাবে থানা হাজত থেকে ছাড়িয়ে নেওয়া হলো? কার নির্দেশনা বা অনুমতিতে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে? তাঁরা ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভূরুঙ্গামারী উপজেলা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, “যে ব্যক্তিকে বিএনপির কর্মী দাবি করে থানা থেকে মব সৃষ্টি করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তাকে ২৪-এর গণআন্দোলনের আগে কোনো কর্মসূচিতে দেখি নাই।”
তবে ভূরুঙ্গামারী থানার একাধিক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দুই গ্রুপের দলাদলির কারণে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারছি না। গ্রেপ্তার করলেই তাদেরকে ছাড়িয়ে নিতে শুরু হয় তদবির বাণিজ্য। এ অবস্থায় চলতে পারে না। এতে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”
বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদারকে একাধিকবার ফোন দিলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “আটক নজরুল ইসলাম শ্রমিক লীগের নেতা নন। তিনি মূলত শ্রমিক ইউনিয়নের নেতা। তাছাড়া তাঁকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়নি। একই নাম হওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে।”
আপনার মতামত লিখুন
[gs-fb-comments]