কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহাদাৎ হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। তিনি জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান মিয়া, কচাকাটা থানা আমির মাওলানা এনামুল হক, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, যুব বিভাগের উপজেলা সভাপতি আবু হেনা মাসুম, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে একই দিন দুপুর ২টায় তিনি নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছেও মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, “আল্লাহর ওপর ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসানে সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমেই ন্যায় ও সততার রাজনীতি বিজয়ী হবে।”
এ সময় তিনি কুড়িগ্রাম-১ আসনের সর্বস্তরের জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]