দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১
কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায়, দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার আনুমানিক ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালান।
এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুটি বস্তায় রাখা মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]