খুঁজুন
, ,

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থাকা ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আহত সাংবাদিকরা হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু।

হামলার পর আহতদের প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ

দাউদকান্দি প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মো. এরশাদুর রহমান, অ্যাডভোকেট, জজ কোর্ট, কুমিল্লার মাধ্যমে পাঠানো ওই লিগ্যাল নোটিশে তাঁর মক্কেল খন্দকার নাসির উল কবীর, পিতা—মৃত খন্দকার নাজির আহমেদ, গ্রাম—দশপাড়া, থানা—দাউদকান্দি, জেলা—কুমিল্লাকে বিদ্যালয়ের ভূমিদাতার উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য খন্দকার নাসিম উদ্দিন আহমদের পক্ষ থেকে রেজিস্ট্রিকৃত দানপত্রের মাধ্যমে মোট ৩৩ শতক জমি বিদ্যালয়ের অনুকূলে প্রদান করা হয়। নোটিশদাতার দাবি, সংশ্লিষ্ট রেকর্ডেও ভূমিদাতা হিসেবে ওই পরিবারের পরিচয় বিদ্যমান রয়েছে।

লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনসংক্রান্ত নীতিমালায় বিদ্যালয়ের ভূমিদাতা বা ভূমিদাতার উত্তরাধিকারীর প্রতিনিধিত্বের বিধান রয়েছে। এ কারণে তাঁর মক্কেলকে বাদ দিয়ে অন্য কাউকে ভূমিদাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আইনগত ভিত্তি থাকলে তা লিখিতভাবে জানানোর দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, তাঁর মক্কেল গত ৮ জুলাই ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে তাঁকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন। তবে ওই আবেদন গ্রহণের পরও তাঁকে অন্তর্ভুক্ত না করে কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন।

এ অবস্থায় লিগ্যাল নোটিশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন বা অনুমোদনের কার্যক্রম স্থগিত রাখা, রেজিস্ট্রিকৃত দানপত্র, ভূমি রেকর্ড ও বিদ্যালয়ের ভূমিদাতা-সংক্রান্ত নথি যাচাই করা এবং বিধি অনুযায়ী খন্দকার নাসির উল কবীরকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া তাঁকে বাদ দিয়ে ইতোমধ্যে কোনো কমিটি গঠন বা অনুমোদন করা হয়ে থাকলে তা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের পাশাপাশি পূর্বের আবেদনটি নিষ্পত্তি করে লিখিতভাবে সিদ্ধান্ত জানানোর দাবি করা হয়েছে।

লিগ্যাল নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ, আপিল বা পুনর্বিবেচনার আবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আইনগত প্রতিকার চাওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১

কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লা জেলার দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায়, দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার আনুমানিক ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালান।

এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুটি বস্তায় রাখা মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

লামায় প্রশাসনের অভিযান: ১৩টি অবৈধ ইটভাটায় ২৯ লক্ষ টাকা জরিমানা…

এস এম আকাশ : স্পেশাল ক্রসপেন্ডেন্ট
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
লামায় প্রশাসনের অভিযান: ১৩টি অবৈধ ইটভাটায় ২৯ লক্ষ টাকা জরিমানা…

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।’

আজ ৫ অক্টোবর ২০২৬ইং তারিখ পরিচালিত এই অভিযানে সর্বমোট ১৩টি মামলায় ২৯ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।​ প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইতং এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।’

প্রথম অভিযানে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ১টি মামলা দায়ের করেন। এতে ১ জন আসামীকে নগদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

​একই দিনে অপর একটি পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার হোসেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনে ১৫(১)(৫) ধারায় মোট ১২টি মামলা পরিচালনা করেন। এসব মামলায় ১২ জন আসামীকে সর্বমোট ২৪,০০,০০০ (চব্বিশ লক্ষ) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান,​ফাইতং এলাকায় পরিবেশ সুরক্ষায় ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালনা করা এই দুই অভিযানে সর্বমোট ১৩ জন আসামীর কাছ থেকে ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বার্থে ও পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’