শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮
শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শরীয়তপুর শহরের চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা এবং খুলনায় এনসিপি নেতার ওপর গুলির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের এক কর্মীর মোটরসাইকেল মিছিলে ঢুকে পড়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ায়। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের পাঁচ নেতাসহ আটজন আহত হন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত যুবদল নেতা নাঈম ব্যাপারীকে ঢাকায় পাঠানো হয়েছে।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ছাত্রদল ও এনসিপি একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]