সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি
সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ নিরাপত্তা দেওয়া ন্যায়সংগত নয়।
সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্রনেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ধারাবাহিকতায় সাদিক কায়েমকেও গানম্যান দেওয়ার বিষয়ে অবহিত করা হলে তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেন।
এক ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে “খুনি হাসিনার পতন” ঘটার পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা গেলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ তৈরি হতো না। বরং প্রশ্ন থেকে যায়—কেন এখনো সেই প্রত্যাশা পূরণ হয়নি।
সাদিক কায়েম অভিযোগ করেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হচ্ছেন, অথচ খুনীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এমন বাস্তবতায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করা তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না।
তিনি বলেন, “নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন। কিন্তু সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হতে পারে না।” তার মতে, দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।
দেশের ছাত্র-জনতা এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি নিজের জন্য সঠিক মনে করেন না।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]