মনোনয়ন বৈধতা পেয়ে সকলের সমর্থন চাইলেন খেলাফত মজলিস প্রার্থী আ. কাদের জামাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধতা পাওয়ার পর ভোটার ও দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সমর্থন কামনা করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সৈয়দ আ. কাদের জামাল।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি বলেন, সাংবিধানিক ও আইনগত সকল শর্ত পূরণ করেই তিনি নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন।
সৈয়দ আ. কাদের জামাল বলেন, “আমি আশা করি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ন্যায়বিচার, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় নৈতিকতা, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় খেলাফত মজলিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি এলাকার সাধারণ জনগণ, আলেম সমাজ, তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার চালানোর নির্দেশনা দেন। পাশাপাশি বিভেদ এড়িয়ে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ভোটারদের কাছে খেলাফত মজলিসের আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
মনোনয়ন বৈধতা পাওয়ায় নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, সৈয়দ আ. কাদের জামালের নেতৃত্বে খেলাফত মজলিস এবারের নির্বাচনে একটি সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]