কেন্দুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সহ-সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেত্রকোনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খাইরুল কবীর নিয়োগীর হাতে নবাগত নেতাকর্মীরা সহযোগী সদস্যপদ গ্রহণ করেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমানসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আনোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করেছেন। তবে বর্তমান দেশের প্রেক্ষাপটে ইসলামের আইন ও আদর্শ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ ও সাংগঠনিক নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, এ বিশ্বাস থেকেই তিনি তাঁর অনুসারী নেতাকর্মীদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ভবিষ্যতে তাঁর নেতৃত্বে আরও প্রায় শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]